খুলনায় শ্রমিকদের সড়ক-রেলপথ অবরোধ

খুলনা প্রতিনিধি : খুলনার পাটকল শ্রমিকরা আজ থেকে আবারো অনির্দিষ্টকালের জন্য সড়ক-রেলপথ অবরোধ শুরু করেছেন। শ্রমিক নেতারা ঘোষণা দিয়েছেন প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবেন।

সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের আহ্বায়ক সোহরাব হোসেন জানিয়েছেন, পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, মজুরি বৃদ্ধি, বকেয়া মজুরি প্রদান, ২০ শতাংশ মহার্ঘ-ভাতাসহ পাঁচ দফা দাবিতে তাঁরা আন্দোলন করছেন।

ঘোষণা অনুযায়ী ৩ এপ্রিলের মধ্যে দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচি ঘোষণার কথা ছিল তাঁদের। কিন্তু তাদের আহ্বান সাড়া না দেওয়ায় তাঁরা পরদিন (৪ এপ্রিল) থেকে ধর্মঘট-অবরোধ শুরু করেন। তাদের এই দাবিতে দুর্ভোগে পড়েছে বিভিন্ন গন্তব্যগামী সাধারণ মানুষ। অবরোধের ফলে ঢাকাগামী চিত্রা ট্রেনসহ পাঁচটি যাত্রাবাহী ট্রেন ও অসংখ্য যানবাহন আটকা পড়েছে।

এর আগে, খুলনার জেলা প্রশাসক মো. নাজমুল আহসানের আশ্বাস পেয়ে ৭ এপ্রিল দুপুর থেকে তিন দিনের জন্য রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছিলেন শ্রমিকরা।

এ বিভাগের আরও খবর

Comments are closed.