খেলাধুলা : বর্তমানে ভাষ্যকার হিসেবে অন্যতম পরিচিত মুখ হার্শা ভোগলে। কোনো রকম ব্যাখ্যা ছাড়াই ধারাভাষ্য থেকে হার্শাকে সরিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সপ্তাহ খানেক আগেই হার্শাকে ধারাভাষ্যকারদের প্যানেল থেকে বাদ দেওয়ার চিঠি ধরিয়ে দেওয়া হয়।
এ ব্যাপারে হার্শা ভোগলে বলেন, ‘এখন সবাই তো সবকিছু জানেন। আমি আর নতুন করে নাই বা বললাম। শুধু এটুকু বলতে পারি যে, আইপিএলে থাকতে চেয়েছিলাম। সেই ইচ্ছা আর পূরণ হলো না বলে খারাপ লাগছে।’
হার্শাকে ধারাভাষ্য থেকে সরিয়ে দেওয়ার ব্যাপারে বিসিসিআইয়ের এক শীর্ষ কর্তা বলেন, ‘এটা সবাই আলোচনা করেই হয়েছে। আমাদের কাছে খবর আছে, হার্শা ক্রমেই একঘেঁয়ে হয়ে উঠছিল। বরং নতুন ধারাভাষ্যকাররা অনেক ভালো করছেন। তাদের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে।’
বাংলাদেশ-ভারত ম্যাচের পরপরই বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের একটি টুইট দিয়েই ঘটনার সূত্রপাত। বলিউডের এই কিংবদন্তি অভিনেতা সেদিন কারো নাম উল্লেখ না করে একটি টুইট করেছিলেন, ‘একজন ভারতীয় ধারাভাষ্যকার ভারতীয় ক্রিকেটারদের চেয়ে বিদেশি ক্রিকেটারদের নিয়ে বড্ড বেশি কথা বলেন।’
চাকরি হারিয়ে এখন কী করবেন হার্শা, তা অবশ্য জানাননি। তবে তিনি যে ক্রিকেটের সঙ্গে থাকছেন, সেই প্রতিশ্রুতি দিয়েছেন। অবশ্য বোর্ডের শীর্ষ কর্তা বলেছেন, ‘তেমন কোনো সম্ভাবনা দেখছি না। ওকে ফেরানোর জন্য তো আর বাদ দেওয়া হয়নি।’

Comments are closed.