সিটিনিউজবিডি : মানহানির অভিযোগে দেশের বিভিন্ন জেলায় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে দায়ের করা ৭২টি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। মামলাগুলোর স্থগিতাদেশ চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ এ স্থগিতাদেশ দেন। আদালতে মাহফুজ আনামের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক। এর আগে গত ০৩ এপ্রিল ৬৬টি মামলায় মাহফুজ আনামকে ৪ সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। মামলাগুলোতে আগাম জামিন চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে এ জামিন মঞ্জুর করেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ। প্রসঙ্গত, তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করার অভিযোগে ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে সম্প্রতি দেশের বিভিন্ন আদালতে অর্ধ শতাধিক মামলা দায়ের করা হয়। এসব মামলায় অভিযোগ করা হয়েছে, ওই সংবাদে প্রধানমন্ত্রীর মানহানি হয় এবং তাকে এই সংবাদের কারণে জেল জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে।
এ বিভাগের আরও খবর

Comments are closed.