গোলাম সরওয়ার : বাংলা ১৪২৩ নববর্ষ বরণে চট্টগ্রামের নগরজুড়ে আজ ১৪ এপ্রিল চলছে নগরজুড়ে উৎসব। ডিসি হিল, সিআরবি , পতেঙ্গা সমুদ্র সৈকত , শিশুপার্কে এবং আবাসিক হোটেলগুলোতেও চলছে বৈশাখী উৎসব ও বৈশাখী মিলন মেলা।
বর্ষবরণের সব চেয়ে বড় উৎসব চলছে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের উদ্যোগে নগরীর ডিসি হিল ও সি আরবি প্রাঙ্গনে। পহেলা বৈশাখ বাঙ্গালীর উৎসব, সবার যোগে জয়যুক্ত হোক’ শ্লোগানে এখানে প্রথম প্রহর সকাল ছয়টায় স্বর্নময় চক্রবর্তীর উচ্চাঙ্গ সংগীত দিয়ে শুরু হয় বর্ষবরণ উৎসব। সকাল আটটা নাগাদ লোকে লোকারন্য হয়ে উঠে ডিসিহিল ও আশপাশের এলাকা লাভ লেইন, নন্দন কানন, মোমিন রোড় এনায়েতবাজার পর্যন্ত।
দিনভর সিআরবিতে বর্ষবরন উৎসবে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি পরিবেশন করে শতাধিক সংগঠন।
একইভাবে বড় উৎসব শুরু হয় সিআরবি শিরিষ তলায়। এখানেও অর্ধ শতাধিক সংগঠন একের পর এক সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে। বিকাল তিনটা থেকে সিআরবি শিরিষ তলায় শুরু হবে সাহাব উদ্দিনের বলি খেলা।
সকাল আটটায় নগরীর সার্কিট হাউজে জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি বের করা হয়। সার্কিট হাউজ থেকে শুরু হয়ে এই র্যালি শেষ হয় নগরীর শিল্পকলা একাডেমীতে। র্যালিতে অংশ গ্রহণ করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জম নাছির উদ্দিন, স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টি নেতা জিয়া উদ্দিন আহমদ বাবলু, চট্টগ্রারে বিভাগীয কমিশনার রুহুল আমীন , জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইকবাল হায়দার।
শিল্পকলা একাডেমীতে নববর্ষের আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা ভাত ও খিচুড়ীর আয়োজন করা হয়। ইলিশ মাছ ছাড়া এই পান্তা’র আয়োজনে ছিলো কয়েক পদের ভর্তা, বেগুন ভাজা, রুই মাছ, ডিম, মুরগী ও দই, পায়েস।
এখানে দেয়া বক্তেব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, অপশক্তি মুক্ত বাংলাদেশ গড়তে হবে, অপশক্তিরা বিগত সময়ে পাকিস্তানী এজেন্ডা বাস্তবায়নে দেশে নারকীয় তান্ডব চালিয়েছিলো, এবছর আমাদের দেশ হবে হবে অপশক্তি মুক্ত সোনার বাংলাদেশ।
এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ নগরীর অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান ও অনেক পাড়া মহল্লায় আয়োজন করা হয়েছে বৈশাখী উৎসব ও মেলার।

Comments are closed.