খেলাধুলা : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হোসেন বেশ জোর গলায় বলেছিলেন চুক্তিপত্র জমা দেওয়া ছাড়া নাকি কোনো ক্রিকেটারকে প্রিমিয়ার লীগে মাঠে নামাতে পারবে না কোনো ক্লাব। কিন্তু মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লীগ; কিন্তু গতকাল রাত পর্যন্ত কোনো ক্লাব একজন ক্রিকেটারের চুক্তিপত্রও জমা দেয়নি সিসিডিএমে (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ)।
গতকাল বিকেলে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীও জানালেন, চুক্তিপত্র ছাড়া কোনো ক্রিকেটার মাঠে নামতে পারবে না। তবে বিসিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ২২ এপ্রিল থেকে লীগ শুরু হচ্ছে। এ দু’দিনের মধ্যে ক্লাবগুলো নিশ্চিতভাবেই সব ক্রিকেটারের চুক্তিপত্র জমা দিতে পারবে না। তাই প্রথম কয়েকটি রাউন্ড চুক্তিপত্র ছাড়াই খেলবেন অধিকাংশ ক্রিকেটার।
সিসিডিএম সমন্বয়ক আমিন খান জানিয়েছেন, গতকাল সকালে ক্লাবগুলোর সঙ্গে বাইলজ নিয়ে হওয়া বৈঠকে তাদের সবাইকে লীগের নিয়মকানুন ও সূচির সঙ্গে ক্রিকেটারদের চুক্তিপত্র জমা দেওয়ার বিষয়টি মনে করিয়ে দিয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে এ ক্ষেত্রে ক্লাবগুলোর ঘাড়ে খুব বেশি দায় চাপানো যাবে না। কারণ সিসিডিএম ক্লাবগুলোর হাতে চুক্তিপত্র দিয়েছে মাত্র দু’দিন আগে।
এবার তো বিসিবি ক্রিকেটারদের পারিশ্রমিকের গ্যারান্টার। কোনো ক্রিকেটার অভিযোগ করলে অবশ্যই আমরা বিষয়টি দৃঢ়তার সঙ্গে দেখব। আর আমাদের অবস্থান সব সময়ই ক্রিকেটারদের পক্ষে থাকবে।’ ক্লাবগুলোকে একটি পেশাদার কাঠামোর মধ্যে নিয়ে আসার জন্যই এবার প্রিমিয়ার লীগের ক্রিকেটারদের চুক্তিপত্রের আওতায় আনা হচ্ছে। প্রথমবার একটু ছাড় দিতেই হবে।’ তার মানে দাঁড়ায়, চুক্তিপত্র নিয়ে কঠোর অবস্থানে নেই বিসিবি।
গতকাল বিভিন্ন ক্লাবের অধিনায়ক ও কোচের সঙ্গে লীগের বাইলজ নিয়ে বিস্তারিত আলোচনা করে সিসিডিএম। বৈঠক থেকে বেরিয়ে লিজেন্ডস অব রূপগঞ্জের সিনিয়র ক্রিকেটার জহুরুল ইসলাম অমি জানান, ‘আইসিসির নতুন নিয়মগুলার সঙ্গে বিসিবির কিছু নিয়মও আজ (গতকাল) আমাদের জানিয়ে দেওয়া হয়েছে। যেমন রিজার্ভ ডেতে নতুন করে ম্যাচ শুরু হবে না। যেখানে বন্ধ হয়েছিল সেখান থেকে শুরু হবে। আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো, কোনো কারণে ম্যাচ যদি শুরুতে কমিয়ে কমপক্ষে ২৫ ওভারে নামিয়ে আনা হয় তখন খেলা হবে একটি বলে।’ সাধারণত ওয়ানডে দুই প্রান্ত থেকে দুটি বল ব্যবহার করা হয়। সিসিডিএম সমন্বয়ক আমিন খান জানিয়েছেন, সুপার লীগের বেশ কিছু ম্যাচ দিবা-রাত্রির হবে, এবং কিছু ম্যাচ টিভি সরাসরি সম্প্রচারও করা হবে। আর জুনের মাসের মধ্যে লীগ শেষ করতে চান তারা।

Comments are closed.