বড়দের প্রশংসায় ভাসছেন মুস্তাফিজ

খেলাধুলা : আইপিএলে এখন পর্যন্ত চার ম্যাচে ৫ উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান। তিনি নজর কাড়ছেন বিশ্বসেরা ব্যাটসম্যানদের বিভ্রান্ত করে ও বিপাকে ফেলে। কাটার, স্লোয়ার, ইয়র্কার এবং নাম না জানা আরও কত অস্ত্রে নাভিশ্বাস তুলে ছাড়ছেন বিশ্বের বড় বড় ব্যাটসম্যানকে। তাই প্রতি ম্যাচেই তার প্রশংসায় পঞ্চমুখ ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশেষজ্ঞরা।

মুস্তাফিজ যখন বোলিংয়ে আসে তখন বড় বড় ধারাভাষ্যকারদের মধ্যে একজন উইলকিন্সের কণ্ঠ আসে, ‘এখন বোলিং করবেন একজন ম্যাজিসিয়ান!’ আর মুস্তাফিজ আন্তর্জাতিক ক্রিকেটে এসেছেন মাত্র বছর খানেক হলো, বয়স মাত্র ২০। পরশু রাতে গুজরাট লায়ন্সের বিপক্ষে ম্যাচে তো ইংরেজ ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্স মুস্তাফিজকে পোলভল্ট কিংবদন্তি সের্গেই বুবকার সঙ্গে তুলনা করলেন!

অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন তো গত এশিয়া কাপ থেকেই মুস্তাফিজের গুণমুগ্ধ ভক্ত হয়ে গেছেন। এরই মধ্যে বাঁহাতি এ পেসারকে আইপিএলের সেরা বোলারের খেতাব দিয়ে দিয়েছেন এ অস্ট্রেলিয়ান। গত পরশু রাতেও ধারাভাষ্যে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তিনি, ‘সে এক অসাধারণ প্রতিভা। এত বৈচিত্র্য তার হাতে, ব্যাটসম্যানকে থিতু হতে দেয় না। ম্যাককুলামের মতো ব্যাটসম্যানকে সে স্বস্তি দেয়নি।’ পাশে থাকা কিউই ধারাভাষ্যকার ড্যানি মরিসন বলে ওঠেন, ‘এখন দেখার বিষয়, এখান থেকে সে নিজেকে কতটা সামনে নিয়ে যেতে পারে।’ সবচেয়ে মজা হয়, জাদেজাকে যখন মুস্তাফিজ বোল্ড করেন। হেইডেন তার পাশে থাকা সাবেক দুই কিউই পেসার মরিসন ও সাইমন ডৌলকে বলে ওঠেন, ‘তোমরা কোনো দিন এমন সুইং করাতে পেরেছ?’ স্বভাবসুলভ কৌতুক করে মরিসন উত্তর দেন, ‘হেইডস, তুমি ভুল করছ। এটা সুইং নয়, স্পিন!’ বলেই তিনজন হেসে ওঠেন। মুস্তাফিজের হিসেবে বোলিংয়েই ৮ উইকেটে মাত্র ১৩৫ রানে আটকে যায় টানা তিন ম্যাচ জেতা গুজরাট লায়ন্স। কোনো উইকেট না হারিয়ে এ রান টপকে যায় সানরাইজার্স।

পরশু রাতে গুজরাট লায়ন্সের বিপক্ষে ম্যাচে অনুষ্ঠানের উপস্থাপক হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে অনেকটা মজা করেই প্রশ্ন করেন, ‘নেটে সে আপনাকে স্লোয়ার দেয়?’ স্মিথ হেসে ওয়ার্নারের জবাব, ‘কদিন আগে ব্যাঙ্গালুরুতে আমাকে স্লোয়ার দিয়েছিল। আমিও বুঝতে পারিনি।’ সত্যিই মুস্তাফিজের তুলনা মেলা ভার।

এ বিভাগের আরও খবর

Comments are closed.