আমিনের সেঞ্চুরি, রনির পাঁচ উইকেটে, ভিক্টোরিয়া

খেলাধুলা : ঢাকা প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো সেঞ্চুরির দেখা পেয়েছেন আল-আমিন। তার দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে রানপাহাড়ে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।

আজ রোববার সাভারে বিকেএসপির ৩ নাম্বার মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৯ উইকেট হারিয়ে ৩১৪ রান করেছে নাদিফ চৌধুরীর দল। জয়ের জন্য রূপগঞ্জের সামনে ৩১৫ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছে ভিক্টোরিয়া।

তৃতীয় উইকেটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ভিক্টোরিয়া। এই উইকেটে ১২৯ রানের জুটি গড়েন আল-আমিন ও ফজলে মাহমুদ। এই জুটিতে ভাঙেন আলাউদ্দিন বাবু। ৯২ বলে পাঁচটি চার ও ৩টি ছক্কায় ৭৩ রান করা ফজলে মাহমুদকে প্যাভিলিয়নের পথ দেন বাবু।

তবে সেঞ্চুরি আদায় করে নিতে ভুল করেননি আল-আমিন। আবু হায়দার রনির বলে সরাসরি বোল্ড হওয়ার আগে ১০২ রান করেন তিনি। তার ১১৩ বলের ইনিংসটি ছিল ১১টি চার ও একটি ছক্কায় সাজানো। ৪৪ রান আসে লঙ্কান ব্যাটসম্যান চাতুরাঙ্গা ডি সিলভার ব্যাট থেকে। উইকেটরক্ষক ধীমান ঘোষ করেন ৩১ রান।

আল-আমিনের সেঞ্চুরির দিনে বল হাতে ঝলক দেখান বিপিএলের তৃতীয় আসরে আলো ছড়ানো আবু হায়দার রনি। লিজেন্ডস অব রূপগঞ্জের পক্ষে সেরা বোলারও তিনি। ১০ ওভারে ৫২ রান খরচায় তুলে নিয়েছেন ৫ উইকেট। ৭৬ রান দিয়ে ৩ উইকেট পকেটে পুরেছেন আলাউদ্দিন বাবু।

এ বিভাগের আরও খবর

Comments are closed.