জিয়াউল হক, রাঙামাটি : পৌরসভায় কর্মরত সকল কর্মচারীদের নিয়োগ জাতীয়করণের মাধ্যমে তাদেরকে সরকারি কোষাগার থেকে বেতন-ভাতাদি ও অবসর ভাতা প্রদানের দাবিতে দেশের অন্যান্য স্থানের মতো রাঙামাটিতেও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি পৌর কর্মচারী সংসদ’র আয়োজনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। রোববার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রাঙামাটি পৌর কর্মচারী সংসদ সভাপতি একেএম বশির হোসেন’র সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন পৌর কর্মচারী সংসদের সাবেক সভাপতি ফারুক আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আল মাহমুদ সোহেল, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় ফেডারেশনের সদস্য রেজাউল করিম রেজা, পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক সনৎ কান্তি বড়–য়া, সাংগঠনিক সম্পাদক বিপ্লব তালুকদার, সেবক সংগঠনের পক্ষে চিত্ররঞ্জন চাকমা।
মানববন্ধনে বক্তরা বলেন, দিন রাত অনেক কষ্ট করে নগর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পৌরসভার কর্মচারীরা প্রচেষ্টা চালিয়ে যায়। তারা সব সময় নাগরিকের কাজে নিয়োজিত থাকে। কিন্তু তাদের যে নিজস্ব কিছু অধিকার আছে তার দিকে কারো নজর নেই। আমাদেরকে সুযোগ-সুবিধা দেওয়া তো হয় না তার উপরে আরো আমাদের অনেক সময় বেতন বন্ধ করে দেওয়া হয়।
বক্তারা আরো বলেন, বাংলাদেশ আজ মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। এই উন্নয়নের পেছনে সকলের হাত আছে, সবার সহযোগিতায় দেশ আজকে উন্নত হয়েছে। তাহলে এতে আমাদেরও ভাগ আছে। আমরাও সব সময় নাগরিকের বিভিন্ন সমস্যা সমাধান করে যাচ্ছি। কিন্তু আমরা কোন প্রকার সুযোগ সুবিধা পায় না। যার কারণে আমাদের জীবনযাপন করতে অনেক কষ্ট হচ্ছে। এমন অবস্থায় সরকারি কোষাগার থেকে বেতন-ভাতাদিসহ অবসর সুবিধাদি প্রদান করার জন্য বক্তারা দাবি জানান।
মানববন্ধনের শেষে রাঙামাটি পৌর কর্মচারী সংসদের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন।

Comments are closed.