চট্টগ্রাম : বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম কেন্দ্রের ছয় ঘণ্টা সম্প্রচারসহ সাত দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে চট্টগ্রামের সম্মিলিত শিল্পী সমাজ।
রোববার (২৪ এপ্রিল) দুপুর ১২ টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীনকে স্মারকলিপিটি দেওয়া হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেন শিল্পীরা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল জলিল স্মারকলিপি গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন চিত্রনায়ক পঙ্কজ বৈদ্য সুজন, শিল্পী ও সঙ্গীত পরিচালক ফরিদ বঙ্গবাসী, নজরুল ইসলাম তিতাস, আলমগির আলাউদ্দিন, দিদারুল ইসলাম, দীপেন চৌধুরী, ফজলুল কবির চৌধুরী, শংকর দে, দীলিপ দাশ, গীতিকার আবছার উদ্দিন অলি, শিল্পী রুনা পারভিন, সুফিয়া বেগম সুমি, অনামিকা তালুকদার, ফাহমিদা রহমান, আলম আশরাফ, অনুপ কুমার নন্দী, রতন সরকার, বহ্নিশিখা রক্ষিত, বোরহান উদ্দিন চৌধুরী টিপু, সন্তোষ কুমার নাথ, সুকুমার দে, রতন সরকার, কামাল হোসেন, মুন্না ফারুক, হাসান ইসমাইল, খাইরুল বাসার, চিত্র গ্রাহক নুরুল ইসলাম নুরু প্রমুখ।
ছয় ঘণ্টা সম্প্রচার কার্যক্রমের বাইরে স্মারকলিপির দাবিগুলো হচ্ছে-দুর্নীতিবাজ দালালদের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা গ্রহণ, ঢাকা কেন্দ্রের সঙ্গে শিল্পী সম্মানীতে বৈষম্য দূর করা, ছয় ঘণ্টা সম্প্রচারের জন্যে প্রদত্ত ছয় কোটি টাকা বরাদ্দ থেকে কেটে নেওয়া তিন কোটি টাকা ফেরত দেওয়া, ২০০১ সালের পর থেকে বন্ধ থাকা অডিশন পুনরায় আয়োজন, উন্নতমানের অডিও স্টেশন স্থাপন এবং অতীতে অনিয়মের মাধ্যমে তালিকাভুক্তি, শ্রেণি উন্নয়নসহ অনুষ্ঠান বিতরণের মাধ্যমে অর্থ আত্মসাতের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া।

Comments are closed.