নিজস্ব সংবাদদাতা : চট্টগ্রামের বরেণ্য শিল্পীদের নিয়ে ‘তুমি যদি থাকো পাশে’ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল গত (২৮ এপ্রিল) হাটখোলায় । গীতিকার–সাংবাদিক জহুরুল ইসলামের লেখা গান নিয়ে সাজানো হয় এ অনুষ্ঠান। অনুষ্ঠানে বরেণ্য শিল্পী আব্দুল মান্নান রানা, ফাহমিদা রহমান, সুবর্ণা রহমান, মুন্না ফারুক, দিদারুল ইসলাম সংগীত পরিবেশন করেন। শিল্পীরা মোট ৮টি গান পরিবেশন করেন।কথায় গানে অনবদ্য এক সংগীতানুষ্ঠান উপভোগ করল সংগীতপ্রেমীরা। তারা গান শুনেছেন, নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেছেন অসাধারণ মুগ্ধতায়। অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিটিভির সাবেক মহাপরিচালক পরিকল্পনা কমিশনের সদস্য ও সচিব বরেণ্য কবি আসাদ মান্নান, কবি অধ্যাপক হোসাইন কবির, মিডিয়া ব্যক্তিত্ব বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জিএম জাঁ নেসার ওসমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া বেলা, সাংবাদিক জাহিদুল করিম কচি, রাজনীতিবিদ খালেদা আক্তার চৌধুরী, গীতিকবি অধ্যাপক পংকজ দেব অপু, গীতিকার ফারুক হাসান, গীতিকবি মিডিয়া ব্যক্তিত্ব শাওন পান্থ, আবছার উদ্দীন অলি, সাংস্কৃতিক সংগঠক আমিনুল হক বাবু, সমাজকর্মী মোস্তফা আনোয়ার, সাংবাদিক নিযামউদ্দীন, শামীম আরা লুসি, ইয়াসমিন ইউসুফ, গোলাম সরওয়ার , সেলিম আক্তার পিয়াল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে প্রখ্যাত সুরকার সংগীত পরিচালক বাসু দেব ঘোষ সুরারোপিত জহুরুল ইসলামের লেখা খ্যাতিমান শিল্পী চম্পক বণিকের একটি গান শোনানো হয়।
অনুষ্ঠানে অনুভূতি জানাতে গিয়ে কবি আসাদ মান্নান বলেন, কবিতার চেয়ে গান লেখা অনেক কঠিন। জহুরুল ইসলামের গানের কিছু কথা মনে রাখার মতো। বললেন ‘ভালোবাসা মানে মধুময় ভুলে বসবাস, ভালোবাসা মানে প্রেমহীন স্বপ্নবিলাস’ কিম্বা ‘কথা দিয়ে মানুষ কেন মনের মানুষ হয় না এমন কথা অসাধারণ। প্রথমবারের মত হাটখোলা একই গীতিকারের অনুষ্ঠান করে দায়িত্বশীলতার পরিচয় দিল।
জাঁ নেসার ওসমান বলেন, জিএম হটাও আন্দোলন নয়, ৬ ঘণ্টা সম্প্রচারে যাওয়ার পক্ষে আন্দোলন হলে ভালো হতো। চট্টগ্রামের সব সৎ ও গুণী শিল্পীদের বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের প্রয়োজন। জহুরুল ইসলাম বলেন, গান শোনাতেই প্রচুর সময় কেটেছে আমার। লেখা শুরু হলো অনেক দেরিতে। দেরিতে হলেও কিছু ভালো গান যদি হয় তবে এটাই আমার জীবনের সবচেয়ে বেশি সুখের বিষয় হবে। সকল সৃষ্টিশীলতার মূলে ভালোবাসা। ভালোবাসা থেকেই গানে জড়ানো। একঘণ্টার এ অনুষ্ঠান প্রাণভরে উপভোগ করে দর্শকরা। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি স. ম বখতেয়ার। পুরো অনুষ্ঠানটি উপস্থাপন করেন দিলরুবা খানম।

Comments are closed.