চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীর চাচা আহত আব্দুল মান্নানের (৬০) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ মে) দুপুর পৌনে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। নিহত আব্দুল মান্নান চান্দিনা উপজেলার পানিপাড়া গ্রামের বাসিন্দা।
এর আগে ১৯ এপ্রিল (মঙ্গলবার) রাতে উপজেলার মাইজখার ইউনিয়নের হাড়িপাড়া গ্রামে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জামাল উদ্দিন (নৌকা) ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান (আনারস) সমর্থকদের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত সাত কর্মী আহত হয়।
প্রার্থী শাহ্ সেলিম প্রধান বলেন, ১৯ এপ্রিল প্রার্থী জামাল বাহিনীর ধারালো অস্ত্রের আঘাত আহত চাচাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়। সেখানে ১০ দিন চিকিৎসার পর অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাড়িতে নিয়ে এসে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলাম। এ অবস্থায় মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে হত্যাকারীদের বিরুদ্ধে মামলা করবো।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বলেন, মৃত্যুর খবরটি পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.