ঢাকা : নিরাপদ অভিবাসন নিশ্চিতে বাংলাদেশকে সহযোগিতা করবে সুইডেন। ঢাকা সফররত সুইডেনের বিচার ও অভিবাসন বিষয়ক মন্ত্রী মরগান জোহানসন এ বিষয়ে সম্মত হয়েছেন বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আজ মঙ্গলবার (১০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর এ কথা জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বৈশ্বিক অভিবাসনে সুইডেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিছুদিন অাগেও বাংলাদেশ, সুইডেন ও অাইএলও অভিবাসন বিষয়ে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে। বৈঠকে এসব সহযোগিতা নিয়ে অালোচনা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যত উন্নয়নের জন্য অভিবাসন অন্যতম চাবিকাঠি। অামাদের অভিবাসীদের নিরাপত্তা, কর্মপরিবেশ, অধিকার প্রভৃতি বিষয়ে অামরা সুইডেনের প্রয়োজনীয় সহায়তা চেয়েছি। সুইডেন সহযোগিতার অাশ্বাস দিয়েছে।
দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিকভাবে সফর খুব কম হয়েছে। তাই উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়ে অালোচনা হয়েছে বলেও জানান শাহরিয়ার অালম। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের আর্থ সামাজিক অগ্রগতি, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সাফল্য ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্পর্কে সুইডেনের মন্ত্রীকে অবহিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী বলেন, গ্লোবাল ফোরাম ফর মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি) এর বর্তমান সভাপতি হিসেবে বাংলাদেশ কিছু নতুন ও চ্যালেঞ্জিং বিষয় যেমন অভিবাসন গভর্নেন্স উত্থাপনের লক্ষ্যে কাজ করছে।
আগামী ১০-১২ ডিসেম্বর ঢাকায় জিএফএমডির শীর্ষ সম্মেলন হবে উল্লেখ করে শাহরিয়ার আলম সুইডিশ মন্ত্রী মরগান জোহানসনকে সম্মেলনে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান।

Comments are closed.