ঢাকা : চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন শিক্ষার্থীর অপেক্ষার অবসান হচ্ছে। ২০১৬ সালের মাধ্যমিক (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর কাছে তুলে দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আজ (১১ মে) বুধবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদরাসা বোর্ডের দাখিল ও কারিগরি বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে। এবার সারাদেশে গড় পাসের হার ৮৮.২৯%, মোট জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৯ হাজার ৭৬১ জন। গতবছরের তুলনায় পাসের হার বেড়েছে ১.২৫ শতাংশ। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৮ লাখ ৪২ হাজার ৯৩৩ জন ছাত্র। ৮ লাখ ৮ হাজার ৫৯০ জন ছাত্রী।
গত বছরের তুলনায় এবারের পরীক্ষায় বিজ্ঞানে ৫৬ হাজার ২৮৬ জন এবং মোট পৌনে দুই লাখ পরীক্ষার্থী বেশি অংশ নেয়। বিদেশে আটটি কেন্দ্রে পরীক্ষা নেয়া হয়েছে। এ সব কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৪০৪ জন। পরীক্ষা শুরু হয় ২ ফেব্রুয়ারি। তত্ত্বীয় বিষয় শেষ হয় ১০ মার্চ। ১৫-১৯ মার্চ অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা। দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সংবাদ সম্মেলনের পরে ফলাফল শিক্ষাবোর্ডের ওয়েবসাইট http://www.educationboardresults.gov.bd পাওয়া যাবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোও এ সাইট থেকে স্ব স্ব প্রতিষ্ঠানের ফলাফল ডাউনলোড করে নিতে পারবে বলে বোর্ড সূত্রে জানা গেছে।

Comments are closed.