ঢাকা : মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিটে নিজামীর ফাঁসি কার্যকর করা হয়। এর আগে নিজামীর পরিবারের সদস্যদের ডেকে পাঠায় ঢাকা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ। শেষবারের মতো মঙ্গলবার সন্ধ্যার পর তাদের ডাকা হয়। নিজামীর সঙ্গে দেখা করতে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে কারাগারে যান তার পরিবারের সদস্যরা। স্বজনদের মধ্যে ছিলেন— নিজামীর স্ত্রী, ছেলে নাজিব মোমেন, মেয়ে মহসীনা, ছেলের বউ, নাতি, নিজামীর চাচাতো ভাই, ভাইয়ের মেয়েসহ আরও অনেকে।
এ ছাড়া মঙ্গলবার দুপুরের পর থেকে জেল পুলিশের পাশাপাশি অতিরিক্ত সশস্ত্র পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। পুরো কারা এলাকায় নজরদারি করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাদা পোশাকের সদস্যরা। যেকোনো ধরণের নাশকতা এড়াতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা হিসেবে মূল ফটকের সামনে কাঁটাতারের ব্যারিকেড দিয়ে নিরাপত্তা বলয় তৈরি করেছে পুলিশ। এই নিরাপত্তা বলয়ের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম কর্মী ছাড়া অন্য কারো প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।
রায় কার্যকরকে কেন্দ্র করে রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। সন্ধ্যার পর থেকে বিজিবি মোতায়েন করা হয়। সন্ধ্যা সোয়া ৭টার দিকে চকবাজার, চানখারপুল, বংশাল থেকে কেন্দ্রীয় কারাগারমুখি রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়া হয়।

Comments are closed.