সোনারগাঁওয়ে সাংবাদিক নিখোঁজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মাহবুবুর রহমান নামে এক সাংবাদিক নিখোজঁ হয়েছেন।

বুধবার (১১ মে) সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা।
মাহবুব দৈনিক ভোরের কথা পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি ও সোনারগাঁও প্রেসক্লাবের সদস্য। পাশাপাশি তিনি সোনারগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের কর্মচারী।

মাহবুবের স্ত্রী ফাতেমা বেগম  জানান, বুধবার বিকেলে মোগরাপাড়া দমদমা এলাকার বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে আর বাসায় ফেরেননি তিনি। রাত ৮টার দিকে বাসা থেকে ফোন দিয়ে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। তবে তার ব্যবহৃত মোটরসাইকেলটি রাতে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার রয়েল হাসপাতালের সামনে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। ইতিমধ্যে আমাদের বেশ কয়েকটি টিম মাঠে কাজ করছে। আশা করি খুব দ্রুত তাকে উদ্ধার করা যাবে।

এদিকে বৃহস্পতিবার (১২ মে) দুপুরের দিকে সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি বাবুল মোশারফের নেতৃত্বে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল মাহবুবের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.