নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে অপহরণের তিনদিন পর এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।
সাইদুল ইসলাম (২৫) নামে ওই যুবককে অপহরণের দায়ে পুলিশ সাতজনকে আটক করেছে। তারা হলেন- সবুজ (২৫), রবি (১৯), রনি (২৫), রুমান (২৮), সোহেল (২৬), ইমাম (২৫) ও ফজলে রাব্বি (২৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার তুরাগ এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে সাইদুল ইসলাম ও তার বন্ধু কোরেশ আলীর ছেলে বারি সোমবার (০৮ মে) সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকায় বেড়াতে আসে। বারির সঙ্গে অপহরণকারী সোহেলের পূর্ব পরিচয় থাকায় সোহেল ও তার লোকজন কৌশলে বারি ও সাইদুলকে ডেকে নিয়ে একটি বাড়িতে আটকে রেখে এবং পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এদিকে বুধবার (১১ মে) বিকেলে সাইদুল ইসলাম ও বারিকে আগের বাসা থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার পথে বারি অপহরণকারীদের জিম্মিদশা থেকে কৌশলে পালিয়ে আসে। পরে পুলিশে খবর দেওয়া হয়।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে সাইদুল ইসলাম বাদী হয়ে অপহরণকারীদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন।

Comments are closed.