টেকনাফে পাঁচ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুজন গ্রেপ্তার

টেকনাফ প্রতিনিধি :   কক্সবাজারের টেকনাফে পাঁচ সাংবাদিকের ওপর হামলায় ঘটনায় এজাহারভুক্ত এক আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন এজাহার মিয়া (৬৫) ও আবুল কাশেম (৫৫)। এজাহার মিয়া মামলার ৫ নম্বর আসামি। তিনি মামলার ১ নম্বর আসামি নুরুল হক ওরফে ভুট্টোর বাবা।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় আবুল কাশেম নামের একজনের বাড়িতে মামলার এক আসামি অবস্থান করছেন। পরে আজ ভোরে ওই বাড়িতে অভিযান চালিয়ে আসামি এজাহারকে গ্রেপ্তার করা হয়। আর আসামিকে আশ্রয় দেওয়ায় এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে আবুল কাশেমকেও গ্রেপ্তার করা হয়।

ওসি বলেন, আবুল কাশেমকেও এ মামলায় গ্রেপ্তার দেখানো হবে। আর বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে। গত শুক্রবার টেকনাফে তিনটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের পাঁচ সাংবাদিককে কুপিয়ে জখম করা হয়। হামলাকারীরা সাংবাদিকদের ভিডিও ক্যামেরা ও ল্যাপটপ ছিনিয়ে নেয় এবং সাংবাদিকদের বহনকারী মাইক্রোবাস ভাঙচুর করে। সাংবাদিকদের অভিযোগ, সংবাদ সংগ্রহ করতে গেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী নুরুল হক ওরফে ভুট্টোর নেতৃত্বে কয়েকজন এ হামলা করেন। হামলায় আহত ইনডিপেনডেন্ট টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি তৌফিকুল ইসলাম বাদী হয়ে নুরুলসহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫ জনের বিরুদ্ধে মামলা করেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.