বাঁশখালী প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীতে গণ্ডামারায় বিদ্যুৎ প্রকল্পবিরোধী সংগঠন ‘বসতভিটা ও গোরস্থান রক্ষা কমিটির’ আহ্বায়ক লিয়াকত আলীকে আসামি করে অস্ত্র আইনে ও নাশকতার অভিযোগে পৃথক দুটি মামলা করেছে পুলিশ। গতকাল সোমবার গভীর রাতে বাঁশখালী থানায় মামলা দুটি করা হয়।
এদিকে পুলিশের হাতে আটক লিয়াকতের বাবা দুদু মিয়াকে (৭০) পুলিশের ওপর ৪ এপ্রিল হামলার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
লিয়াকত আত্মগোপনে আছেন। তাঁর বাবা দুদু মিয়াকে গতকাল সোমবার সন্ধ্যায় পশ্চিম গণ্ডামারা এলাকা থেকে আটক করে পুলিশ। পুলিশের দাবি, লিয়াকতের বাড়ি থেকে দুটি এলজি ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে।
গত ৪ এপ্রিল গণ্ডামারার হাদিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের পক্ষে-বিপক্ষে ডাকা সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ সময় গুলিতে চার গ্রামবাসী নিহত হন। পরে পুলিশের ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় পৃথক তিনটি মামলা করা হয়।
সাতকানিয়া অঞ্চলের সহকারী পুলিশ সুপার এ কে এম এমরান ভূঁইয়া আজ সন্ধ্যায় জানান , গতকাল সোমবার লিয়াকতের ঘর থেকে দুটি এলজি ও চারটি গুলি উদ্ধারের ঘটনায় লিয়াকতকে আসামি করে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। আর নাশকতার পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে লিয়াকতসহ ৫০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় দুই হাজারজনকে আসামি করে পৃথক মামলা করা হয়। লিয়াকতকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। সহকারী পুলিশ সুপার আরও বলেন, লিয়াকতের বাবাকে গত ৪ এপ্রিল পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ সন্ধ্যায় লিয়াকত আলী মুঠোফোনে দাবি করেন, আন্দোলন থামিয়ে রাখতে পুলিশ তাঁর বৃদ্ধ বাবাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার–আতঙ্কে গণ্ডামারার লোকজন ঘরেও থাকতে পারছেন না, বাইরেও যেতে পারছেন না। এলাকার নিরীহ লোককে হয়রানি না করতে তিনি সরকারের কাছে আবেদন জানান। এক প্রশ্নের জবাবে লিয়াকত বলেন, গ্রেপ্তার, মামলা-হামলা দিয়েও প্রশাসন তাঁদের আন্দোলন থেকে সরাতে পারবে না

Comments are closed.