কান ধরে উঠবসের পর শিক্ষক শ্যামলকে বরখাস্ত করল

নারায়ণগঞ্জ প্রতিনিধি :  গণপিটুনি আর কান ধরে উঠবস করানোর পর এবার নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ জামান উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে বরখাস্ত করা হলো।মঙ্গলবার ম্যানেজিং কমিটির পাঠানো বরখাস্তপত্র হাতে পাওয়ার কথা জানিয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত।

শিক্ষক লাঞ্ছনার ঘটনায় দোষীদের শাস্তি দাবিতে প্রতিবাদের মধ্যে উল্টো ওই শিক্ষককে বরখাস্ত করার খবর এলো। চিঠিতে স্বাক্ষরের তারিখ হিসেবে ১৬ মে উল্লেখ আছে। এতে কারণ হিসেবে তার অনুপস্থিতির কথা বলা হয়েছে।

চারটি সুনির্দিষ্ট কারণসহ স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফারুকুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে তাকে সাময়িক বরখাস্তের বিষয়টি উল্লেখ করা হয়।

শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে পাঠানো বরখাস্তের চিঠিতে স্বাক্ষরের নিচে ১৬ মে ২০১৬ইং লেখা থাকলেও চিঠির ওপরের ডানদিকে ১৩ মে উল্লেখ করা রয়েছে।

চিঠিতে শ্যামল কান্তি ভক্তকে উদ্দেশ করে লেখা হয়, ‘আপনার বিরুদ্ধে আনীত নিম্নবর্ণিত অভিযোগসমূহ অদ্যকার পিয়ার সাত্তার লতিফ স্কুলের ম্যানেজিং কমিটির সভায় উত্থাপিত হয়।

১। আপনি ছাত্রদের ওপর শারীরিক নির্যাতন করেন।
২। বিদ্যালয়ে শিক্ষক হিসেবে চাকরি দেওয়ার নাম করে অর্থ গ্রহণ করেছেন।
৩। ইসলাম ধর্ম সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন।
৪। বিদ্যালয়ের ছুটি ব্যতিরেকে অনুপস্থিত থাকেন এবং প্রায়ই দেরি করে বিদ্যালয়ে আসেন।

আগেও এসব অভিযোগ আপনার বিরুদ্ধে উত্থাপিত হয়েছে এবং আপনাকে বহুবার সতর্ক করা হয়েছে। কিন্তু আপনি এরূপ অবৈধ কর্মকা- থেকে বিরত হননি। তাই ১৩ মে ২০১৬ইং তারিখের ম্যানেজিং কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক আপনাকে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।’

তবে এ ব্যাপারে ফারুকুল ইসলামের মোবাইলে ফোন দিলে সেটা বন্ধ পাওয়া যায়। তিনি দেশের বাইরে রয়েছেন জানা গেছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.