চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মোহাম্মদ আলী’র ইন্তেকাল

চট্টগ্রাম :   চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীজ এর সাবেক পরিচালক, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ আলী আজ মঙ্গলবার সকালে বার্ধক্যজনিত রোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি———————- রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বৎসর। তিনি ৭ ছেলে ও ৫ মেয়ে সহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম মোহাম্মদ আলী মাষ্টার দীর্ঘদিন ধরে নগরীর নন্দনকাননে বসবাস করে আসছিলেন।

তিনি মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত মুসাফির খানা জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। জীবনের প্রথম দিকে তিনি তাঁর জন্মস্থান লোহাগাড়া কলাউজান হাইস্কুলে শিক্ষকতা শুরু করেন। পরে নগরীতে স্থায়ীভাবে বসবাস ও ব্যবসা শুরু করেন এবং নন্দনকাননে স্থায়ী নিবাস গড়ে তুলেন। আজ বিকেলে বাদ আছর নগরীর শহীদ মিনার চত্বরে নামাজে জানাজা শেষে তাঁর মরদেহ লোহাগাড়া নিজ বাড়ীতে নিয়ে যাওয়া হয়। সেখানে আগামীকাল বুধবার সকাল ১০ টায় কলাউজান আমিন বাড়ী প্রাঙ্গণে তাঁর দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

চবি প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি ৮২’র কার্যকরি সদস্য ও সাবেক ছাত্র নেতা মোহাম্মদ সেলিম তাঁর প্রথম পুত্র। এদিকে মরহুমের মৃত্যুতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন, সাবেক মেয়র আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরী, জননেতা এড.ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, চবি সমিতি ৮২’র নেতৃবৃন্দ, সিইউ ফ্রেন্ডস, চবি রাজনীতি বিজ্ঞান এলামনাই এসোসিয়েশন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপণ করেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.