সিটিনিউজবিডি : লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সব্যসাচী কবি ও লেখক সৈয়দ শামসুল হক গতকাল মঙ্গলবার হোটেল স্যুটে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
ঢাকায় প্রাপ্ত লন্ডন হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় কবির স্ত্রী ডা. আনোয়ারা সৈয়দ হক, বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী এ সময় কবি শামসুল হকের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, কবি শিগগির সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসবেন।
বাংলা সাহিত্য ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে তার অবদানের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, সৈয়দ হক সব-সময় মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কাজ করেছেন। গ্লোবাল উইমেন লিডারস ফোরামে যোগদানের জন্য বুলগেরিয়া যাওয়ার পথে প্রধানমন্ত্রী বর্তমানে লন্ডনে তাজ হোটেলে অবস্থান করছেন।
আজ বুধবার সকালে তিনি বুলগেরিয়ার উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করবেন। সৈয়দ শামসুল হক বর্তমানে ক্যান্সারের চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন ।

Comments are closed.