রমযান মাসে ফুটপাতে ভাসমান দোকান বসতে পারবে না

নিজস্ব প্রতিনিধি :    রমজান মাসে যানচলাচল স্বাভাবিক রাখার নিমিত্তে রাস্তা ও ফুটপাত দখল করে যাতে ইফতারি বা অন্যান্য ভাসমান দোকান বসতে যেন না পারে সে ব্যাপারে পূর্ব হইতে তৎপর থাকার জন্য সকল থানার অফিসার ইনচার্জদের নির্দেশ দেন পুলিশ কমিশনার ।  নগরবাসীকে নগদ অর্থ পরিবহন ও লেনদেনের ক্ষেত্রে সর্বাত্মক পুলিশী সহযোগিতা ও নিরাপত্তা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন মাসিক অপরাধ সভায় পুলিশ কমিশনার মহোদয় ।

১৮ এপ্রিল দুপুর ০৩.০০ ঘটিকার সময় সিএমপি’র সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার জনাব মোঃ ইকবাল বাহার, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে এপ্রিল/২০১৬ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব দেবদাস ভট্টাচার্য্য, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মইনুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মাসুদ-উল-হাসান, উপ-পুলিশ কমিশনার (বন্দর) জনাব হারুন-উর-রশিদ হাযারী, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব ফারুক আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ কামরুল আমীন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক বন্দর) জনাব মোঃ সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব সঞ্চয় কুমার কুন্ডু, উপ-পুলিশ কমিশনার (ডিবি বন্দর-পশ্চিম) জনাব মোঃ মোকতার হোসেন, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) জনাব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, উপ-পুলিশ কমিশনার (এমটি ও সরবরাহ) হাসান মোঃ শওকত আলী, সকল অতিঃ উপ-পুলিশ কমিশনার, সকল সহকারী পুলিশ কমিশনার, র‌্যাব, সিআইডি, হাইওয়ে পুলিশ, এপিবিএন, পিবিআই, ইন্ডাস্ট্রিায়াল পুলিশ, ট্যুরিষ্ট পুলিশ এর প্রতিনিধিসহ সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। উক্ত সভায় এপ্রিল/২০১৬ মাসে নগরীর সার্বিক আইন-শৃঙ্খলা, অপরাধ সংঘটন ও নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তির বিষয়ে পর্যালোচনা করা হয়।

পুলিশ কমিশনার মহোদয় তাহার বক্তব্যে জানান গত মাসে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঐকান্তিক প্রচেষ্টার ফলে নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। এই প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সকল থানা, ডিবি’সহ সকল ইউনিটকে যৌথভাবে কাজ করার পরামর্শ দেন। মাদক দ্রব্যের ব্যবহার নির্মূল করার জন্য সকল স্তরের অফিসারকে আন্তরিকতার সহিত কাজ করার নির্দেশনা প্রদান করেন। উক্ত সভায় এপ্রিল/২০১৬ মাসে অস্ত্র ও মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার ও ভাল কাজের জন্য প্রতিটি বিভাগের বিভিন্ন স্তরের ৩৮ (আটত্রিশ) জন পুলিশ সদস্য’কে নগদ অর্থ ও সম্মাননা সনদ প্রদান করা হয়।

আগামী ১৯,২০,২১ মে নগর ব্যাপি বিশেষ অভিযান পরিচালনার জন্য সকল থানার অফিসার ইনচার্জদের নির্দেশ প্রদান করেন। সভায় পুলিশ কমিশনার মহোদয় বলেন এপ্রিল/২০১৬ মাসে নগরীর আইন-শৃঙ্খলা যেমন পুুলিশের নিয়ন্ত্রণে ছিল তেমনি সারা বছর ধরে নগরবাসীকে একই ধরনের সেবা দিতে নগর পুলিশ বদ্ধপরিকর। সভায় পুলিশ কমিশনার মহোদয় নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল অফিসার’কে নির্দেশ প্রদান করেন এবং সারা বছর ধরে নগর পুলিশের উক্ত প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি নগরবাসীর নিকট পুলিশের কাজে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.