সিটিনিউজবিডি : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বার বার আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । কিন্তু সরকার সমঝোতা করেনি। কারণ, সমঝোতা করলেই নির্বাচন দিতে হবে। আর নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে তাদের (আওয়ামী লীগ) জামানত থাকবে না। সেজন্য বিএনপির কথা (সংলাপের আহ্বান) সরকারের কানে যায় না। বৃহস্পতিবার বাদ জোহর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ঢাকা মহানগর বিএনপি আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
ঢাকা মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আজিজ উল্লাহের রুহের মাগফেরাত কামনা করে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আজকে বড় কোনো মিলাদ, প্রতিবাদ সমাবেশ ও জনসভা করার জন্য জায়গা পাওয়া যায় না। সরকার দেশকে সেই পর্যায়ে নিয়ে গেছে। কথা বলতে গেলেই মামলা। তারপর জেল-জুলুম। গোটা দেশটাকেই একটা কারাগারে পরিণত করা হয়েছে। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। তিনি আরো বলেন, ‘বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা চলছে। সেই মামলা কত দ্রুত শেষ করা যায়, সেই চেষ্টা চলছে। এখন আমাদের বসে থাকলে চলবে না।
সংগঠনকে শক্তিশালী করে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, যাতে আমরা রাজনীতি করতে পারি। নগর বিএনপির আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভুইয়া, নগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক কাজী আবুল বাশার প্রমুখ ।

Comments are closed.