জিয়াউল হক, রাঙামাটি : ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার স্বার্থে পার্বত্য চট্টগ্রামে অস্ত্র উদ্ধারে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রাকিব উদ্দিন আহম্মেদ।
শনিবার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাচনের সাথে সংশ্লিষ্টদের এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এই কথা বলেন। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।
এর আগে তিনি মতবিনিময় সভায় উপস্থিত নিবন্ধিত বিভিন্ন জাতীয় রাজনৈতিক দল, প্রার্থী, আইনশৃংখলাবাহিনী ও বিশিষ্টজনদের সাথে মতবিনিময়ে অংশ নেন।
মত বিনিময় সভায় অংশ নিয়ে জাতীয় রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা আঞ্চলিক দলগুলোর বিরুদ্ধে নিজেদের প্রার্থীদের হুমকি, ভয়ভীতি প্রদর্শন, অপহরণ, অস্ত্রবাজিসহ বিভিন্ন অভিযোগ করেন।
জবাবে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার জন্য যা যা করণীয়, তার সবই করা হবে বলে আশ্বস্ত করেন।
প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও এসময় বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের সচিব সিরাজুল ইসলাম, পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম, রাঙামাটির জেলা প্রশাসক মো: সামসুল আরেফিন, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান সহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা।

Comments are closed.