অবৈধভাবে ১৩ বছর কারাগারে আটক : ক্ষতিপূরণের রুল

ঢাকা: সাতক্ষীরার জোবেদ আলী বিশ্বাসকে অবৈধভাবে ১৩ বছর কারাগারে আটক রাখার ঘটনায় কেনো ২০ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার সকালে জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও ইকবার কবিরের সমন্বয়ে গঠিত এক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আগামী দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, হাইকোর্টের রেজিস্ট্রার, সাতক্ষীরার অতিরিক্ত দায়রা জজ-৩ (তৎকালীন), পুলিশের আইজি এবং সাতক্ষীরার জেল সুপারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিটকারীর পক্ষে শুনানিতে অংশগ্রহণকারী ব্যারিস্টার আব্দুল হালিম সাংবাদিকদের জানান, সাতক্ষীরার জোবেদ আলী বিশ্বাসকে তার নিজের মেয়েকে হত্যা মামলায় ২০০১ সাল যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছিলেন সাতক্ষীরার নিম্ন আদালত। পরে ২০০৩ সালে হাইকোর্ট জোবেদ আলীকে খালাস দেন।

এই খালাসের আদেশ সাতক্ষীরা জেলা জজ আদালতে পৌঁছার পর, তা কার্যকরের জন্য কারাগারে না পাঠিয়ে সাতক্ষীরার তৎকালীন অতিরিক্ত দায়রা জজ তাপস কুমার দে এটি আদালতের রেকর্ড রুমে নথিভুক্ত করে রাখেন। কারাগারে খালাসের আদেশ না পৌঁছায় জোবেদ আলী গত ১৩ বছরে মুক্তি পাননি।

সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে জোবেদ আলীকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। দীর্ঘ ১৩ বিনা দোষে কারাভোগের পর চলতি বছর ২ মার্চ সাতক্ষীরা কারাগার থেকে মুক্তি পান তিনি।

গত ১৯ মে, চিল্ড্রেন চ্যরিটেবল ফাউন্টেশনের পক্ষ থেকে হাইকোর্টে ক্ষতিপূরণ চেয়ে রিট করা হয়। ওই আবেদনে বলা হয়, দায়রা জজ এবং সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের গাফিলতির কারণেই জোবেদ আলীকে ১৩ বছর বিনা অপরাধে কারাভোগ করতে হয়েছে। এ জন্য ক্ষতিপূরণ হিসেবে সরকারে পক্ষ থেকে তাকে ২০ লাখ টাকা দেয়া হোক।

আজ সকালে আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। পরে আদালত ক্ষতিপূরণের ২০ লাখ টাকা কেনো দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.