ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন জাপান সফরকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। জাপানের প্রসিদ্ধ পর্যটন নগরী আইস শিমায় জি-৭ শীর্ষ সম্মেলনের সাইড লাইনে এ বৈঠক হবে বলে কূটনৈতিক সূত্র জানায়। বিশ্বের সাতটি দেশের জোট জি-৭ এর সদস্য হিসেবে ডেভিড ক্যামেরন ঐ সম্মেলনে অংশ নেবেন। শেখ হাসিনাসহ সাতটি দেশের সরকার প্রধানগণ আউটরিচে যোগ দেবেন।
আগামী ২৬ ও ২৭ মে আইস শিমায় জি-৭ এর শীর্ষ বৈঠকের আয়োজন করছে জাপান। ডেভিড-ক্যামেরন ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসো ওলান্দ, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি জি ৭ বৈঠকে যোগ দেবেন। ২৭ মে আইস শিমায় আউটরিচ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ছাড়াও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে পৃথক পৃথক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। শেখ হাসিনা ও ডেভিড ক্যামেরন এর বৈঠকের সময় ২৭ অথবা ২৮ মে চূড়ান্ত হয়েছে। ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক গতকাল মঙ্গলবার সকালে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করে জাপানে দুই প্রধানমন্ত্রীর আসন্ন বৈঠকের বিষয়ে আলোচনা করেন।
আসন্ন বৈঠকে ঢাকা ও লন্ডনের দ্বিপাক্ষিক বাণিজ্যিক ও বিনিয়োগ সম্পর্ক ছাড়াও আঞ্চলিক, আন্তর্জাতিক ইস্যু, সন্ত্রাসবাদ দমন, বেসামরিক বিমান নিরাপত্তা ইস্যুতে মতবিনিময় করবেন। বেসামরিক বিমান নিরাপত্তা ইস্যুতে সম্প্রতি যুক্তরাজ্য বড় ধরনের সহায়তা দিয়েছে। যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠান ‘হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের নিরাপত্তা, মান ও সেবার উন্নয়নে নিয়োজিত রয়েছে। ব্রিটিশ সরকারের বিশেষজ্ঞদের পরামর্শে বেসামরিক বিমান চলাচল সেক্টরের উন্নয়নের কাজ চলছে।

Comments are closed.