নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার বারহাট্টা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের ধারালো আস্ত্রের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার ছোট কৈলাটী গ্রামের এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শহীদ মিয়া (৬০)। তিনি একজন কৃষক। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৭জন। গুরুতর আহত শহীদ মিয়ার স্ত্রী জহুরা খাতুন (৫০), জহিরুল ইসলাম (২৫), আবদুর রশিদ (৩০) ও সাইদুল মিয়াকে (৩২) বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বারহাট্টার ছোট কৈলাটী গ্রামের শহীদ মিয়ার সাথে একই গ্রামের ছন্দু মিয়া ওরফে চন্দন ও তার ভাই কাসেম মিয়ার দীঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে শহীদ মিয়া ঘটনাস্থলেই নিহত হন।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালেমুজ্জামান সংঘর্ষে কৃষক শহীদ মিয়ার নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন। ময়না তদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments are closed.