ঈদের পর মাঠে নামবে বিএনপি

ঢাকা : ঈদের পর থেকে সক্রিয়ভাবে রাজপথে নামার চিন্তা-ভাবনা করছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। এ লক্ষ্যে আসন্ন রমজান মাসের মধ্যেই দলের নতুন জাতীয় নির্বাহী কমিটিসহ অঙ্গ-সংগঠনের পুনর্গঠন প্রক্রিয়া শেষ করতে চাইছে দলটি। বিএনপির একাধিক নীতি-নির্ধারকের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। একটি সূত্র জানায়, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দলের নতুন জাতীয় নির্বাহী কমিটি গঠন করতে চাইছেন। আন্দোলন-সংগ্রামে ঝুঁকি নিয়ে যারা কাজ করতে পারবে এমন নেতাদের তিনি দায়িত্ব দেবেন। আসন্ন রমজান মাসের মধ্যেই বিএনপি হাইকমান্ড দলের পূর্ণাঙ্গ কমিটি পুনর্গঠন করবেন। জানা গেছে, ইতিমধ্যে বিএনপি চেয়ারপার্সন দলের জাতীয় স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, সম্পাদকীয় পদগুলোতে কাদের দায়িত্ব দেবেন এমন একটি খসড়া তালিকা প্রস্তুত করে ফেলেছেন। লন্ডনে অবস্থানরত দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কাছেও সেই তালিকা পাঠানো হয়েছে। তারেক রহমানের সুবজ সঙ্কেত পাওয়া গেলে যেকোনো সময় বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের দলের প্রধান দাবি হলো, সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু নতুন জাতীয় সংসদ নির্বাচন আদায় করা। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি নির্ধারণ করছি। আমাদের দলের পুনর্গঠন প্রক্রিয়া শেষ হলেই নির্বাচন আদায়ের দাবিতে আমরা জনগণকে সম্পৃক্ত করে রাজপথে নামব। একটি সূত্র জানায়, সরকারবিরোধী বৃহত্তর একটি কার্যকর আন্দোলনে যাওয়ার আগে বিএনপি ক্ষেত্র প্রস্তুতে জনগুরুত্বপূর্ণ ইস্যুতে কর্মসূচি দেয়ার কথা ভাবছে। জানা গেছে, এমন পরিকল্পনার অংশ হিসেবে ঈদের পর সারাদেশে কৃষকদের নানা সমস্যা-সমাধানের দাবিকে সামনে রেখে একটি কৃষক সমাবেশ করার আলোচনা চলছে। ঢাকার বাইরে কৃষক অধ্যুষিত এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া উপস্থিত থাকবেন।

গত বছর দুই দফায় আড়াই মাসের মতো হরতাল-অবরোধের সহিংস কর্মসূচি চালিয়ে বিএনপি তাদের নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আদায়ের দাবি আদায়ে ব্যর্থ হয়। এরপর হরতাল-অবরোধের কর্মসূচি স্থগিত করে দল পুনর্গঠনের ঘোষণা দেয়। একইসঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে পৌরসভা, ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে। দল পুনর্গঠনের অংশ হিসেবে চলতি বছরের ১৯ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলানয়তন ও সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। এরপর এ পর্যন্ত তিন ধাপে মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, বিভাগীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকসহ ৪১টি সাংগঠনিক গুরুত্বপূর্ণ পদের নেতা নির্বাচন করা হয়েছে। এখনো স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ, সম্পাদকীয় পদসহ ইস্যুভিত্তিক সাব-কমিটি গঠন বাকি রয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.