চট্টগ্রাম : বন্দর নগরী চট্টগ্রামে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ফলে বিভিন্ন সড়ক, সেতু ও নালা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি হয়েছে বৈদ্যুতিক বাতি, খুঁটি ও তার। সব মিলিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের হিসাবে মোট ক্ষতি হয়েছে ২০৯ কোটি টাকা। সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ ঘূর্ণিঝড়ের আঘাতের তালিকা করেছে। গত শনিবার দুপুরে ঘূর্ণিঝড় রোয়ানু আঘাত হানে। সংস্কারকাজ শুরু হয়েছে বলে প্রকৌশল বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, নগরের কাতালগঞ্জ আবাসিক এলাকার দুই নম্বর সড়ক, মুন্সিপুকুর পাড় সড়ক ও বহদ্দারহাট উড়ালসড়কের নিচের অংশে পিচ উঠে গেছে। এ ছাড়া খাজা সড়কে এখনো পানি জমে আছে। নগরের পাহাড়তলীতে রেলওয়ে জেলা পুলিশ লাইনসের সামনে খালের ওপর সেতুর একাংশ ভেঙে পড়েছে। হেঁটে পারাপারের জন্য স্থানীয় লোকজনের উদ্যোগে বাঁশের বেড়া ও টিন দেওয়া হয়েছে।
সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে নগরের বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি, বাতি ও তার নষ্ট হয়েছে। ভেঙে পড়েছে শতাধিক গাছ। এ ছাড়া বৃষ্টির পানিতে বিভিন্ন এলাকার ৯০ কিলোমিটার কাঁচা ও পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। নগরের রাস্তাঘাট ঠিক করার জন্য প্রকৌশল বিভাগের প্রায় দেড় শ জনের একটি টিম কাজ করে যাচ্ছে।

Comments are closed.