ইউপি নির্বাচনের প্রচারণা বৃহস্পতিবার (আজ) মধ্যরাতে শেষ

বিশেষ প্রতিনিধি  :   বৃহস্পতিবার (আজ) মধ্যরাতে শেষ হচ্ছে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারণা। এসব ইউপিতে শনিবার সকাল থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তাই শেষ মুহূর্তে দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা।

এদিকে দলভিত্তিক মাঠপর্যায়ের এ নির্বাচনে আগের মতই সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় রয়েছেন সাধারণ ভোটাররা।

ইসি কর্মকর্তারা জানান, প্রথমবারের মত চেয়ারম্যান পদে দলীয়ভাবে ইউপি নির্বাচন হচ্ছে। শনিবার ৭২৯টি ইউপিতে ভোট হবে। এ কারণে ইতিমধ্যে জেলায় জেলায় পৌঁছে গেছে নির্বাচনী সামগ্রী। নিরাপত্তা প্রহরায় শুক্রবার কেন্দ্রে কেন্দ্রে যাবে এসব সরঞ্জাম। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বৃহস্পতিবার সকাল থেকে নির্বাচনী এলাকায় টহলে আছেন।

ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে গত সাড়ে তিন মাসে নির্বাচনী সহিংসতায় অন্তত ৭৫ জনের প্রাণহানি ঘটে। সংঘর্ষ-হামলার ঘটনা ঘটছে প্রায় প্রতিদিনই। বৃহস্পতিবার সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সুজন দাবি করেন এ পর্যন্ত নির্বাচনী সহিংসতায় ১০১ জন মারা গেছেন।

পঞ্চম ধাপে চেয়ারম্যান পদে ৭২৯ ইউপিতে প্রতিদ্বন্দ্বী আছেন ৩ হাজার ২৫৪ জন। এর মধ্যে ১৫টি দলের প্রার্থী ১ হাজার ৭২৭ জন ও স্বতন্ত্র প্রার্থী ১ হাজার ৫২৭ জন। আওয়ামী লীগের প্রার্থী রয়েছে ৭২৬ ইউপিতে, ৬২৯ ইউপিতে রয়েছে বিএনপির প্রার্থী। এ ধাপে নৌকা প্রতীকের ৪২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এছাড়া জাতীয় পার্টি ১৭৭টি, জাসদ ২১টি, বিকল্পধারা ২টি, ওয়ার্কার্স পার্টি ১৩টি, ইসলামী আন্দোলন ১২২টি, জেপি ২টি, ইসলামী ফ্রন্ট ১১টি, এলডিপি ৬টি, সিপিবি ৫টি, জেএসডি ১টি, কৃষক শ্রমিক জনতা লীগ ৬টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ৭টি এবং অপর একটি দল ১ ইউপিতে প্রার্থী দিয়েছে।

৪ জুন ষষ্ঠ ধাপের নির্বাচনের মাধ্যমে ইউপি নির্বাচন শেষ হবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.