ফ্রান্সে শ্রমিকদের ধর্মঘটে লাখ লাখ মানুষ ভোগান্তিতে

 সিটিনিউজবিডি  :     ফ্রান্সে শত শত পেট্রোল স্টেশন ও তেলের পাম্প বন্ধ করে দিয়েছে দেশটির জ্বালানি শিল্পের শ্রমিকরা। দেশটির কর্মসংস্থান আইন পরিবর্তনের প্রতিবাদে শ্রমিকরা ধর্মঘটের ডাক দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন দেশটির লাখ লাখ মানুষ।

প্যারিসের বামপন্থী শ্রমিক সংগঠন সিজিটি দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে। ফলে দেশের পরিবহন সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। থমকে গেছে প্যারিসের পরিবহন সেবা।

স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের ৮টি তেলের ডিপোর মধ্যে অন্তত ছয়টি বন্ধ রেখেছে শ্রমিকরা। এর ফলে দেশের অন্তত ১৬ শ’ সার্ভিস স্টেশন বন্ধ হয়ে যাওয়ার হুমকিতে রয়েছে।

জ্বালানি শ্রমিকদের ধর্মঘটের ধাক্কা লেগেছে দেশটির ট্রেন ও বিমানসেবায়। প্যারিসের অরলি বিমানবন্দর থেকে ১৫ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া রাজধানীতে স্থানীয় ট্রেন ও মেট্রো সেবাও বিঘ্নিত হয়েছে।
শ্রমিকদের সঙ্গে সরকারি এ বিতর্কের শুরু হয় চলতি বছরের প্রথমের দিকে। ওই সময় সরকার ঘোষণা দেয়, দেশটির কর্মসংস্থান আইন নিয়ে ৩ হাজার পৃষ্ঠার যে বই রয়েছে তাতে পরিবর্তন আনবে সরকার।

সরকারি এই সিদ্ধান্তের প্রতিবাদে এক লাখ মানুষ একটি পিটিশনে স্বাক্ষর করেন। মার্চের মাঝামাঝি সময়ের দিকে সরকারি ওই নীতির প্রতিবাদে শান্তিপূর্ণ আন্দোলন শুরু হলেও শেষ পর্যন্ত তা সহিংসতায় রূপ নেয়।

পরে জাতীয় প্রতিবাদের ডাক দেয় দেশটির নাগরিকরা। যা, আজ পালিত হচ্ছে ফ্রান্সে; শ্রমিকদের ধর্মঘটে থমকে গেছে ফ্রান্স।

এ বিভাগের আরও খবর

Comments are closed.