চট্টগ্রাম: বিচ্ছিন্ন সংঘাতের মধ্য দিয়ে চট্টগ্রামে ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু হয়েছে। চট্টগ্রামের চারটি উপজেলার ৪৭টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে। এর মধ্যে বোয়ালখালী উপজেলার কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন সংঘাতের খবর পাওয়া গেছে।
শনিবার (২৮মে) সকাল সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকেল চারটা পর্যন্ত।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ শুরুর পর সকাল সাড়ে ৮টার দিকে বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে আকস্মিক গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে কমপক্ষে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে। তাদের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, বেঙ্গুরা এলাকার খলিলুর রহমানের ছেলে মো. ইউছুপ (৫৫), মরহুম ইলিয়াছ আলীর ছেলে রশিদ(৭৫), সিদ্দিক আহমদের ছেলে, নুরুল আবচার(৫৪), আনোয়ার ও মমতাজ মেম্বার। স্থানীয় এক ইউপি সদস্যের সমর্থকরা প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে বলে সূত্র জানিয়েছে।
এছাড়া একই উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের তালুকদার পাড়ায় আওয়ামী লীগ ও বিএনপির চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘাতের ঘটনা ঘটেছে। সেখানে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী হামিদুল হক মন্নানের সমর্থকরা ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানতে চাইলে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল মাসুদ বলেন, সারোয়াতলী ও কড়লডেঙ্গায় সকালে সংঘাত হয়েছে। তবে ভোটকেন্দ্রের বাইরে হয়েছে। এতে ভোটে কোন প্রভাব পড়েনি। আমরা পুলিশের টহল জোরদার করেছি।
চট্টগ্রামের পটিয়া উপজেলায় ২১ ইউনিয়ন, বোয়ালখালী উপজেলার ৭ ইউনিয়ন, চন্দনাইশ উপজেলার ৭ ইউনিয়ন এবং রাঙ্গুনিয়া উপজেলার ১২ ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বিভিন্ন ইউনিয়নে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে একজন অফিসারের নেতৃত্বে ৫ জন পুলিশ সদস্যসহ আনসার মিলে ১৫-১৮ জন, কম ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে একজন অফিসারের নেতৃত্বে ৪ জন পুলিশ সদস্যসহ আনসার মিলে ১৫-১৬ জন সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রতি তিনটি কেন্দ্র নিয়ে আছে মোবাইল টিম। স্ট্রাইকিং ফোর্সও টহল দিচ্ছে।
এদিকে বোয়ালখালী উপজেলার ৬৫টি ভোটকেন্দ্রের মধ্যে সরকারিভাবে ৪১টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৪টি কেন্দ্র সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন স্থানীয়রা। পটিয়া উপজেলার কর্ণফুলী থানার ৪টি ইউনিয়নের সবকটি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে জানা গেছে।

Comments are closed.