মহিপুর থানার উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মৎস্য বন্দর মহিপুরে নতুন থানার উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার বিকেল ৪টায় এ উপলক্ষে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে আসাদুজ্জামান খান কামাল বক্তব্য রাখবেন। এ সময় উপস্থিত থাকবেন বরিশাল বিভাগীয় ও পটুয়াখালী জেলার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে নতুন থানা উদ্বোধনকে ঘিরে মৎস্য বন্দর মহিপুরে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। উদ্বোধনী অনুষ্ঠানকে সফল করতে পটুয়াখালী জেলা পুলিশ সুপার ও মহিপুর থানা কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৎস্য বন্দর মহিপুর থানাটি লতাচাপলি, ডাবলুগঞ্জ, মহিপুর ও কুয়াকাটা নিয়ে গঠন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন ও থানা উদ্ভোধনকে কেন্দ্র করে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক সমাবেশ আনুষ্ঠিত হবে।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মহিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মালেক আকন বলেন, ‘এ থানাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনিবার বিকেলে থানা উদ্বোধনের মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু হবে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই।’

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শাহনেওয়াজ জানান, মহিপুর থানা উদ্বোধনের পর  স্বরাষ্ট্রমন্ত্রী পার্শ্ববর্তী রাঙ্গাবালি উপজেলায় যাবেন। তার আগমন উপলক্ষে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.