পাক প্রধানমন্ত্রীর ওপেন হার্ট সার্জারি, মোদির শুভকামনা

ঢাকা: পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের হৃদযন্ত্রে অস্ত্রোপচারের আগে তার প্রতি শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী মঙ্গলবার যুক্তরাজ্যের এক হাসপাতালে পাক প্রধানমন্ত্রীর ওপেন হার্ট সার্জারি হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী মোদি এক টুইটার বার্তায় বলেছেন,‘প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের প্রতি শুভকামনা জানাচ্ছি। আশা করছি মঙ্গলবার তার দেহে যে অস্ত্রোপচারের কথা রয়েছে তা সফল হবে এবং তিনি দ্রুত সেরে ওঠবেন।’

শুক্রবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ প্রধানমন্ত্রী নওয়াজের ওপেন হার্ট সার্জারির খবর প্রকাশ করেন। এর মাত্র কয়েক ঘণ্টা পরেই পাক প্রধানমন্ত্রীর জন্য নিজের টুইটারে এই শুভ বার্তাটি পোস্ট করলেন মোদি।

পাক মন্ত্রী খাওয়াজা আসিফ আরো জানান, চিকিৎসকদের পরামর্শেই ওপেন হার্ট সার্জারিতে রাজি হয়েছেন ৬৬ বছরের নওয়াজ শরিফ। এই অস্ত্রোপচারের জন্য তাকে এক ব্রিটিশ হাসপাতালে এক সপ্তাহ অবস্থান করতে হবে। তবে কোনো হাসপাতালে তার অস্ত্রোপচার হচ্ছে সে বিষয়ে কিছু জানাননি পাক প্রতিরক্ষামন্ত্রী।

পরে নওয়াজের মেয়ে মরিয়ম নওয়াজও তারা বাবার ওপেন হার্ট সার্জারির খবরটি এক টুইটার বার্তায় নিশ্চিত করেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.