অতিরিক্ত যাত্রী বহন কারণই ট্রলারডুবি

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে ইঞ্জিনচালিত ট্রলারডুবির ঘটনায় অতিরিক্ত যাত্রী বহনই কারণ বলে মনে করছেন ওই ট্রলারের যাত্রীরা। রোববার (২৯ মে) ভোরে মিঠামইন উপজেলার বাজার ঘাটে ট্রলারডুবির এ ঘটনায় পাঁচ নারী আনসার সদস্যের মৃত্যু হয়। বেশি মুনাফার আশায় ট্রলার মালিক ও কর্মচারীরা সব সময় অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করেন। এতে প্রতিনিয়ত নৌকাডুবির মতো দুর্ঘটনা ও প্রাণহানি ঘটছে।

দুর্ঘটনাকবলিত ট্রলারের যাত্রী ও আনসার সদস্য রত্না বেগম বলেন, আমরা সবাই ভোরের নামাজের পরপর ট্রলারে উঠি। ট্রলারে প্রায় ৬০ থেকে ৭০ জন আনসার সদস্য ছিলাম। এ সময় আরো মানুষ ট্রলার উঠার চেষ্টা করলে ট্রলারটি উল্টে ডুবে যায়।

ওই ট্রলারে থাকা মিঠামইনের এক এনজিও প্রতিষ্ঠানে কর্মরত শরীফুল আলম বলেন, আমার বাড়ি রাজশাহী। ট্রলারে চড়ে যে সময় চামড়াঘাট যাই তখন প্রাণটা হাতে নিয়ে বের হই। কারণ ট্রলারে অতিরিক্ত যাত্রী বহনের ফলে ট্রলার ডুবু-ডুবু অবস্থায় থাকে। কিন্তু এটা দেখা কেউ নেই। এ বিষয়ে মিঠামইন নৌ পরিবহন সমিতির সেক্রেটারি কাঞ্চন মিয়া জানান, অতিরিক্ত যাত্রী বহনের বিষয়টি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে প্রশাসন থেকে তাদের কোনো নির্দেশনা নেই।

এ বিভাগের আরও খবর

Comments are closed.