চট্টগ্রাম : বন্দরের বহির্নোঙ্গর থেকে দেড় লাখ ইয়াবাসহ গ্রেফতার হওয়া ইয়াবা ব্যবসায়ী রফিক আজিজকে (৫৬) ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। আজ (১ জুন) বুধবার দুপুরে মহানগর দায়রা জজ শাহে নূর এ রায় দেন। আসামি রফিক আজিজ আনোয়ারা উপজেলার রায়পুর এলাকার ফজল হকের ছেলে।
মহানগর পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী জানান, ২০১৪ সালের ৩০ জুন চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে একটি ফিশিংবোট থেকে ইয়াবা ব্যবসায়ী রফিক আজিজকে গ্রেফতার করা হয়। এসময় বোটের ইঞ্জিনরুম থেকে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওইদিনই নৌবাহিনীর কর্মকর্তা মো. শাহজাহান বাদি হয়ে পতেঙ্গা থানায় মামলা দায়ের করেন।
অভিযোগ গঠনের উদ্দেশ্যে চার্জশিট দাখিল করা হয় একই বছরের ৩ আগস্ট। মামলার চার্জশিট গঠন করা হয় ২০১৫ সালের ৯ জুন। ১৩ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দিয়েছেন।

Comments are closed.