নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজানকে সামনে রেখে ভর্তুকিমূল্যে চাল-চিনি বিক্রি কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। আজ (৪ জুন) শনিবার বেলা ১২টায় নগরীর আগ্রাবাদে চেম্বার হাউসের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম। ১ রজমান থেকে ২৭ রমজান পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ কার্যক্রম চালু থাকবে। একজন ক্রেতা এক কেজি চিনি ও পাঁচ কেজি চাল কিনতে পারবেন। প্রতি কেজি চিনি ৪০ ও চাল বিক্রি করা হচ্ছে ১৮ টাকায়।
উদ্বোধনী বক্তব্যে মাহবুবুল আলম বলেন, সাধারণ ও গরীব মানুষ যাতে ভালভাবে রমজান পালন করতে পারে সেজন দীর্ঘদিন ধরেই চেম্বার ভর্তুতিমূল্যে নিত্যপণ্য বিক্রি করে আসছে। সামাজিক দায়বদ্ধতা থেকে চেম্বার এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, ১ থেকে ২৭ রজমান পর্যন্ত এ কার্যক্রম চলবে। আগ্রাবাদ চেম্বার হাউসের সামনে ছাড়াও নগরীর বিভিন্ন পয়েন্টে ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি করা হবে বলেও জানান মাহবুবুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চেম্বার সহ-সভাপতি সৈয়দ জামাল, পরিচালক মাহফুজুল হক শাহ, আজহারুল ইসলাম চৌধুরী, অহিদ সিরাজ চৌধুরী (স্বপন), রকিবুল ইসলাম টুটুল, অঞ্জন শেখর দাস, একেএম আকতার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments are closed.