ঢাকা : এক মোটরসাইকেলে যাতে তিন জন চলাফেরা করতে না পারে তা নিশ্চিত করতে, আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। চট্টগ্রামে একটি মোটরসাইকেলের তিন আরোহীর হামলায় এসপি বাবুল আক্তারের স্ত্রী নিহত হওয়ার প্রেক্ষাপটে সোমবার সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।
তিনি বলেন, “এখন থেকে মোটরসাইকেলে তিন জন চলা যাবে ন। তিন জন চললে বাধা দেব, ধরব, চেক করব, লাইসেন্স চেক করব। “কোনোভাবেই তিন জন নিয়ে মোটরসাইকেল চলতে দেব না।” উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।
রোববার সকালে চট্টগ্রামে ও আর নিজাম রোডের বাসা থেকে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে জিইসি মোড়ে যাওয়ার সময় খুন হন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু। মোটরসাইকেলে করে আসা তিন হামলাকারী মিতুকে প্রথমে ছুরি মারে এবং পরে মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। “ওই মোটরসাইকেলটি এর মধ্যেই আমরা উদ্ধার করত সক্ষম হয়েছি।”
পুলিশ সদস্যদের মনোবল ভেঙে দিতেই জঙ্গিরা এই ধরনের হত্যাকাণ্ড চালাচ্ছে মন্তব্য করে কামাল বলেন, “পুলিশ কর্মকর্তাদের পরিবারের নিরাপত্তার বিষয়টি আমরা দেখব।”
স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ কর্মকর্তারা বলছেন, জঙ্গি দমনে বাবুলের ভূমিকার কারণেই তার স্ত্রীকে এভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। এই খুনের সঙ্গে সাম্প্রতিক বিদেশি, হিন্দু পুরোহিত, খ্রিস্টান যাজকদের হামলার মিল রয়েছে; যেসব ঘটনায় জঙ্গিরাই মূল সন্দেহভাজন। রাতভর অভিযানের মধ্যে একটি মোটরসাইকেল জব্দ করার কথা তিনিও বললেন।
এই হত্যার ঘটনায় পাঁচলাইশ থানার এসআই ত্রিরতন বড়ুয়া রোববার রাতে একটি মামলা করেছেন, যাতে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।
সিএমপি কমিশনার ইকবাল বলেন, “মূলত ডিবি (গোয়েন্দা শাখা) এই তদন্ত করবে সব বিভাগের সহযোগিতা নিয়ে।”

Comments are closed.