মিতু হত্যার প্রতিবাদে ৭ জুন চট্টগ্রামে মানববন্ধন

সিটিনিউজবিডি: জামায়াত ও জঙ্গিদের আতঙ্ক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের সহধর্মিনী মাহমুদা খানম মিতু হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে সর্বস্তরের সচেতন নাগরিকরা। মঙ্গলবার (৭ জুন) বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে।
জঙ্গি দমনে ব্যাপক সাফল্য অর্জনকারী পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মিতুকে রোববার (৫ জুন) ভোরে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। প্রকাশ্য দিবালোকে একজন সৎ পুলিশ সুপারের স্ত্রী হত্যার এই বর্বরোচিত ঘটনা দেশবাসীকে বিক্ষুব্ধ করে তোলে। বিশেষ করে চট্টগ্রামে বাবুল আক্তারের ভক্তরা তীব্র ক্ষোভে ফেটে পড়েন। কার্যত তারাই মঙ্গলবারের মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে।

এদিকে মিতু আক্তার হত্যার ঘটনায় জঙ্গি সংগঠন জামায়াতুল ম‍ুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) পাশাপাশি ছাত্রশিবিরের ক্যাডাররাও জড়িত বলে সন্দেহ করছে পুলিশ। কিলিং মিশনে অংশ নেওয়া মোটরসাইকেলটি জামায়াত-শিবির অধ্যুষিত শুলকবহর এলাকা থেকে উদ্ধারের পর পুলিশের এই সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।

গত কয়েক বছরে জামায়াতের নাশকতাপূর্ণ আন্দোলনের সময় শিবিরের দুর্ধর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছিলেন বাবুল আক্তার। জামায়াত-শিবিরের ঘাঁটিতে বেশ কয়েকটি অভিযান চালিয়ে নাশকতা দমনেও সক্ষম হয়েছিলেন তিনি।

এমন সাহসী পুলিশ অফিসারের স্ত্রী হত্যাকাণ্ডের শিকার হওয়ায় তাই ফুঁসে উঠেছে চট্টগ্রাম। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ৭ জুনের পর ১০ জুন শুক্রবারও বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এরইমধ্যে ঝড় উঠেছে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। বেশ ক’টি প্রতিবাদ মিছিলও হয়েছে চট্টগ্রামে। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সোমবার (৬ জুন) সকাল ১১টার দিকে মানববন্ধন করেছে চট্টগ্রাম কলেজের সামনে।

মঙ্গলবারের মানববন্ধনের অন্যতম উদ্যোক্তা সংস্কৃতি সংগঠক ডা. চন্দন দাশ সিটিনিউজবিডিকে বলেন, বাবুল আক্তার জামায়াত-জঙ্গিদের বিরুদ্ধে পজেটিভ রোল প্লে করেছিলেন। জীবনবাজি রেখে একের পর এক সফল অপারেশন করেছিলেন। তারই পরিণতি হিসেবে তার স্ত্রী খুন হয়েছেন। এর প্রতিবাদে আমরা রাজপথে মানববন্ধন করবো।
যুদ্ধাপরাধীদের বিচারের মতো জঙ্গিদের বিচারের জন্য পৃথক ট্রাইব্যুনাল গঠনেরও দাবি জানান চন্দন দাশ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.