ঢাকা : রাজধানীর কামরাঙ্গীরচর থেকে আটক জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের (এবিটি) দুই সদস্য শীর্ষ নেতাদের নির্দেশেই ঢাকা এসেছিল। তাদের আগে থেকেই গোয়েন্দা নজরদারি ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ২টি চাপাতি ও ২টি জিহাদি নোট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হল— সৈয়দ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ও আরিফুল ইসলাম সোলায়মানী ওরফে আরাফাত। তাদের আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)। চট্টগ্রামে এ দুজন আনসারুল্লাহর দায়িত্বশীল নেতা।
আজ (১৪ জুন) মঙ্গলবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার ও সিটি ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
তিনি বলেন, গ্রেপ্তাররা স্লিপার সেলের জন্য অর্থ সংগ্রহ করত। তারা মূলত চট্টগ্রামে বসবাস করে। সাংগঠনিক বৈঠক করতে তারা ঢাকার কামরাঙ্গীচরে আসে। অর্থ সংগ্রহের উদ্দেশ্যেও এসেছে তারা।
তিনি আরও বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী যেভাবে ইসরাইলের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বৈঠক করে সরকার পতনের ষড়যন্ত্র করেছিলেন, এবিটির এই দুই সদস্যও একই ধরনের পরিকল্পনা নিয়ে রাজধানীতে এসেছিল। নিষিদ্ধ এই জঙ্গি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য বেশকিছু ব্যবসায়ী অর্থ দিচ্ছেন বলেও জানিয়েছেন পুলিশের অন্যতম ওই শীর্ষ কর্মকর্তা। যাচাই-বাছাই করে তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

Comments are closed.