ঢাকা : গাজীপুরের আওয়ামী লীগ নেতা সাংসদ আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিলের রায়ে বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারসহ ছয়জনের ফাঁসির আদেশ বহাল এবং আটজনের যাবজ্জীবন বহাল রেখেছেন আদালত। এছাড়াও আসামিদের ১১ জনকে খালাস দেয়া হয়েছে। আজ বুধবার (১৫ জুন) দুপুরে বহুল আলোচিত এ হত্যা মামলার আপিলের রায় ঘোষণা করেন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃঞ্চা দেবনাথের ডিভিশন বেঞ্চ।
ঐতিহাসিক এ মামলায় বিচারিক আদালতের রায় ঘোষণা হয়েছে ২০০৫ সালে। এরপর মামলাটি জেল আপিল ও নিয়মিত আপিলের জন্য হাইকোর্টে চলে আসে। আওয়ামী লীগের তুখোড় এ নেতার হত্যার ঘটনায় করা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিলের উপর হাইকোর্টে শুনানি হয়।
চলতি বছরের ১৪ জানুয়ারি থেকে শুরু হয়ে আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ), আপিল ও ফৌজদারি বিবিধ আবেদনের উপর হাইকোর্টে শুনানি শুরু হয়ে তা শেষ হয় ৮ জুন (বুধবার)।
মামলাটির বিচার সম্পন্ন করা হয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে। আপিলের এ রায়ে ট্রাইব্যুনালের দেয়া রায়ে ২২ জনের ফাঁসি ও ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয়া হয়েছিল।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৪ সালের ৭ মে গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় আহসান উল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করা হয়। ওমর ফারুক রতন নামে আরেকজন তার সঙ্গে খুন হন। ঘটনার পরদিন নিহতের ভাই মতিউর রহমান টঙ্গী থানায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০/১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

Comments are closed.