বিনোদন : তুমুল জনপ্রিয় আর ব্যবসাসফল সিনেমা ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মাধ্যমে বলিউডের জনপ্রিয় নির্মাতা রোহিত শেঠির সঙ্গে প্রথমবার কাজ করেছিলেন বলিউড কিং শাহরুখ খান। রোহিতের নির্মাণে তৃতীয়বারের মতো জুটিবেধে সিনেমা করতে যাচ্ছেন শাহরুখ খান!
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ মারফত জানা গেছে, শিগগিরই ‘গোলমাল’ খ্যাত তারকা নির্মাতা রোহিত শেঠির পরিচালনায় তৃতীয়বারের মত দেখা যাবে বলিউড কিং শাহরুখ খানকে। তবে ছবিটি কোনো মৌলিক গল্পের নয়, বরং তামিল ব্লকবাস্টার ‘থেরি’ ছবিটির রিমেক।
শীর্ষস্থানীয় বিনোদন পোর্টাল মুভিটকিজ জানিয়েছে, তামিল ব্লকবাস্টার সিনেমা ‘থেরি’র রিমেক করতে যাচ্ছেন নির্মাতা রোহিত শেঠি। তামিল ছবির প্রযোজকের সঙ্গে ছবিটির সত্ত্ব নিয়ে এরইমধ্যে নাকি রোহিত ও শাহরুখ খানের কথাবার্তাও পাকাপোক্ত। সব ঠিকঠাক থাকলে আসছে বছরের প্রথমেই শুটিং শুরুর কথাও ভাবছেন রোহিত। তামিল ছবির গল্পে দেখা যায় চেন্নাইয়ের ডিসিসিপি বিজয় কুমার। যে স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে সুখে শান্তিতে বাস করে। কিন্তু একদিন তার স্ত্রী খুনের পর সে চাকরি ছেড়ে দেয়। গল্পের শুরুটা এখান থেকেই। আর ডিসিসিপি’র চরিত্রেই দেখা যাবে শাহরুখকে। তবে ছবিতে তার বিপরীতে আর কাদের কাস্টিং করবেন সে বিষয়ে এখনো জানাননি নির্মাতা।
সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে প্রথমে নাকি তামিল ব্লকবাস্টার ‘থেরি’ ছবিটি বলিউডে রিমেক করার সত্ত্ব চেয়েছিলেন অক্ষয় কুমার। এরআগে দক্ষিণী অনেক ব্লকবাস্টার সিনেমা রিমেক করেছেন অক্ষয়। রাওডি রাঠোর, বস এবং হলিডে’র মত সিনেমা রিমেক করে বক্স অফিস কাঁপিয়েছেন তিনি।

Comments are closed.