চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৩

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সরকারি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে তিন ছাত্রলীগ কর্মী আহত হয়েছে। আজ শনিবার (১৮ ‍জুন) দুপুরে দিকে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১২টার দিকে একদল ছাত্রলীগ কর্মী নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের নামে স্লোগান দিতে দিতে চট্টগ্রাম কলেজের ক্যাম্পাসে ঢুকে। ক্যাম্পাসে আগে থেকেই চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছিলেন।

নির্দিষ্ট নেতার নামে স্লোগান দেয়া নিয়ে দুই পক্ষে প্রথমে কথা কাটাকাটি হয়। এরপর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ক্রিকেট স্ট্যাম্পের আঘাতে ছাত্রলীগের তিন কর্মী আহত হয়েছেন। এরা হলেন, ইউসুফ কবির, বিশ্বজিৎ শর্মা এবং কায়সার হামিদ। এদের মধ্যে মাথায় জখম হওয়ায় ইউসুফ কবিরকে নগরীর একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম।

স্থানীয় চকবাজার থানার ওসি আজিজ আহমেদ জানান, চট্টগ্রাম কলেজের ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এক ছাত্রের মাথায় আঘাত পেয়েছে। আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।

প্রায় তিন দশক ছাত্রশিবিরের দখলে থাকার পর ২০১৫ সালের ১৬ ডিসেম্বর নগর কমিটির সাধারণ সম্পাদক নূরুল আজিম রণির নেতৃত্বে চট্টগ্রাম কলেজের নিয়ন্ত্রণ নেয় ছাত্রলীগ। একইসঙ্গে একই এলাকায় শিবিরের দখলে থাকা সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজেরও নিয়ন্ত্রণ নেয় ছাত্রলীগ। বর্তমানে চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ নিয়ন্ত্রণে রাখা ছাত্রলীগের নেতাকর্মীরা সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী।

এ বিভাগের আরও খবর

Comments are closed.