চট্টগ্রাম কলেজে পুলিশের ধাওয়া ও লাঠিচার্জ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম কলেজে গত দু’দিনের সংঘর্ষের পর কলেজ ক্যাম্পাসে বহিরাগত ও নিয়মিত শিক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধ করেছে কলেজ কর্তৃপক্ষ। প্রশাসনের এ নিষেধাজ্ঞা না মেনে কলেজে প্রবেশের চেষ্টা করায় ছাত্রলীগের এক পক্ষকে লাঠিপেটা করেছে পুলিশ। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। আজ (২০ জুন) সোমবার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম কলেজের মূল ফটকে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম বলেন, আমরা শান্তিপূর্ণভাবে কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করছিলাম। এসময় পুলিশ আমাদের ধাওয়া দেয় ও লাঠিচার্জ করে। পুলিশের লাঠিচার্জে মনির নামে আমাদের এক কর্মী আহত হয়েছে। এরপর পুলিশ কলেজ ক্যাম্পাসে অবস্থান নেয়।

চকবাজার থানার ওসি আজিজ আহমেদ বলেন, এরকম কিছুই হয়নি। ভর্তি কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার জন্য ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকরা ছাড়া বহিরাগত ও অছাত্র যারা আছে তাদের সবাইকে বের করে দেওয়া হয়েছে।

কলেজ সূত্রে জানাযায়, একাদশ শ্রেনীতে শিক্ষার্থী ভর্তিকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে ভাঙচুরসহ বেশ কয়েকবার সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুই পক্ষ। এসব হামলায় বহিরাগতদের উপস্থিতিও লক্ষ করা গেছে। তাই একাদশ শ্রেনীর ভর্তি কার্যক্রম সুষ্ঠু ভাবে শেষ করতে, কলেজ ক্যাম্পাসে বহিরাগত ও নিয়মিত শিক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.