ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত তিন পুলিশ সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহত আবদুস সাত্তার (৩২) উপজেলার রসুলপুর গ্রামের রিফিউজিপাড়ার বাসিন্দা। সোমবার দিনগত রাত সোয়া একটার দিকে সরাইল উপজেলায় কালিকচ্ছ ইউনিয়নের রসুলপুর কবরস্থানের পেছনে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, এক রাউন্ড গুলি ও ছয়টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
পুলিশ জানায়, অস্ত্র ও ডাকাতিসহ আট মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আবদুস সাত্তারকে সোমবার বিকেলে রসুলপুর গ্রামের রিফিউজিপাড়া থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে নিয়ে রাতে বেশ কয়েকটি জায়গায় অভিযানে চালানো হয়। রাত একটার দিকে সাত্তারের দেয়া তথ্যানুযায়ী রসুলপুর কবরস্থানের পেছনে অস্ত্র উদ্ধারে গেলে সাত্তারের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। পুলিশও নিজেদের আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে সাত্তার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। তবে সাত্তারের সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় আহত সরাইল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাকিবসহ তিন পুলিশ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, সাত্তার আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ছিলেন। তার বিরুদ্ধে ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে।

Comments are closed.