ঢাকা : আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার ১১ আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। একই সঙ্গে এ স্থগিত আবেদনটি ১৪ জুলাই শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয়া হয়েছে। আজ (২১ জুন) মঙ্গলবার সকালে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিক। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এর পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
১৫ জুন আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর রায় ঘোষণা করেন হাইকোর্ট। রায়ে বিচারিক আদালতে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ১১ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়। এছাড়া অন্য কোন মামলায় গ্রেফতার না থাকলে তাদেরকে মুক্তির দেয়ারও নির্দেশ দেন আদালত।
উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় আহসান উল্লাহ মাস্টারকে।

Comments are closed.