আন্তর্জাতিক : ঘুষ লেনদেনের অভিযোগে নিউইয়র্ক পুলিশের উচ্চ পর্যায়ের ৪ কর্মকর্তা এবং জুইশ কমিউনিটির এক ব্যক্তিকে গ্রেফতার করা করেছে মার্কিন কর্তৃপক্ষ। গতকাল সোমবার সকালে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গ্রেফতারকৃতরা হলেন নিউইয়র্ক পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেমস গ্র্যান্ট, ডেপুটি চীফ মাইকেল হ্যারিঙটন, সার্জেন্ট ডেভিড ভিলেনুয়েভা এবং রিচার্ড ওছেটল। ঘুষ প্রদানের জন্য জুইশ কমিউনিটির স্বেচ্ছাসেবী সংস্থা ‘শমরীন’র কর্মকর্তা জেরিমি রিউচবার্গসকে (৪২) গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, সিটি মেয়রকে যারা নির্বাচনের তহবিল দিয়েছেন তারাই সকল কাজে অগ্রাধিকার পাচ্ছেন-এমন অভিযোগের তদন্ত চলছে বেশ কয়েক মাস যাবত। এসব পুলিশ অফিসার গ্রেফতারের ঘটনা চলমান তদন্তেরই একটি অংশ বলেও কর্মকর্তারা জানান।
নিউইয়র্কস্থ ইউএস এটর্নী প্রিত ভ্যারারা জানিয়েছেন, পুলিশ অফিসার রিচার্ড ওছেটল ইতিমধ্যেই নিজের অপকর্মের দোষ স্বীকার করেছেন। মামলার অভিযোগে বলা হয়েছে, উপরোক্ত পুলিশ অফিসাররা লক্ষাধিক ডলারের সুযোগ-সুবিধা নিয়েছেন জুইশের সংস্থাটির কাছে থেকে। গ্রেফতারকৃতদের বিলাসী জীবন-যাপনের জন্যে এয়ালাইন্সের টিকিট, হোটেল ভাড়া, হোটেল কক্ষে পতিতা সরবরাহ এবং পুলিশ অফিসারদের বাড়ি সংস্কার কাজের বিলও পরিশোধ করেছে জুইশ সংস্থাটি।

Comments are closed.