খেলাধুলা : আগামী মৌসুমে ফন গাল এসি মিলানের কোচ হতে যাচ্ছেন বলে ইতালিয়ান গণমাধ্যমে গুঞ্জন বের হয়। ২০১৪-১৫ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়ে দলটিকে চ্যাম্পিয়ন্স লিগের টিকেট পাইয়ে দিয়েছিলেন ফন গাল। তবে গত মৌসুমে রেড ডেভিলরা ইংলিশ প্রিমিয়ার লিগে পঞ্চম হওয়ায় এবং চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যাওয়ায় ছাঁটাইয়ের মুখে পড়েন এই ডাচ কোচ।
এদিকে গত মৌসুমটি ভালো কাটেনি এসি মিলানেরও। ইতালিয়ান লিগে গত মৌসুমে সপ্তম হয়েছিল দলটি। এর আগের মৌসুমে দশম হয়েছিল তারা। ফলে টানা দুই মৌসুম চ্যাম্পিয়ন্স লিগের মর্যাদার আসরে জায়গা হয়নি দলটির। যে কারণে একজন বিশ্বমানের কোচ খুঁজছে মিলান।
সেভিয়ার সাবেক এবং পিএসজির নতুন কোচ উনাই এমেরি এতদিন ধরে এসি মিলানের কোচ হিসেবে রসোনেরির স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন। তবে সেই দলে যোগ দিলেন ফন গালও। যদিও এর আগে ইতালিয়ান কোনো ক্লাবে কোচিংয়ের অভিজ্ঞতা নেই এই ডাচ কোচের।
ইতালিয়ান পত্রিকা গাজেত্তা দেলো স্পোর্ত দাবি করে, এসি মিলান আগামী মৌসুমে ফন গালকে কোচ হিসেবে নিয়োগ দেয়ার ব্যাপারে ইতোমধ্যেই আলোচনা শুরু করে দিয়েছে। অবশ্য সম্ভাব্য কোচদের দৌড়ে ফন গালের সঙ্গে ফ্রাঙ্ক ডি বোয়ের ও আন্দ্রে ভিলাস-বোয়াসও রয়েছেন বলে জানায় পত্রিকাটি।

Comments are closed.