সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে বিদ্যুৎপৃষ্টে সংরক্ষিত নারী ইউপি সদস্য সাহেরা বেগম (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের জামুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইউপি সদস্য ওই গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী ও শিয়ালকোল ইউনিয়নের সংরক্ষিত ৩নং ওয়ার্ডের (৭, ৮ ও ৯) নব নির্বাচিত সদস্য।
শিয়ালকোল ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটে ইউপি সদস্য সাহেরার পুরো ঘর বিদ্যুতায়িত হয়েছিল। শনিবার সন্ধ্যায় টিনের সঙ্গে লাগানো স্টিলের আলমারী খুলতে গেলে বিদ্যুৎপৃষ্টে আহত হন সাহেরা। এ সময় স্বজনেরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
চেয়ারম্যান আব্দুল মান্নান আরও জানান, জনপ্রিয় ইউপি সদস্য সাহেরা ২০০৩ সালে সদস্য নির্বাচিত হয়ে টানা ৯ বছর দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে প্রতিদ্বন্দ্বীতা করে তিনি আবারও বিপুল ভোটে নির্বাচিত হন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Comments are closed.