সিটিনিউজবিডি : ময়মনসিংহে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও তাঁর স্ত্রীকে হত্যার দায়ে একমাত্র আসামি গোলাম মোস্তাফাকে (২৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে ময়মনসিংহের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমির উদ্দিন এ রায় দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, ২০১৪ সালের ১২ জুলাই ময়মনসিংহ শহরের আকুয়া ওয়ারলেস গেট এলাকার একটি বাড়িতে আবদুল হক ও রায়াতুন নেচ্ছা দম্পতিকে গলা কেটে হত্যা করা হয়। আবদুল হক অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী এবং রায়াতুন নেচ্ছা একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ওই দম্পতির সন্তানেরা পেশাগত কারণে ময়মনসিংহের বাইরে বসবাস করায় বাড়িতে তাঁরা দুজনই থাকতেন।
মামলার এজাহারে আরও বলা বলা হয়েছে, ২০১৪ সালের ১২ জুলাই রাতে এই দম্পতির বাড়ির সাবেক ভাড়াটে গোলাম মোস্তাফা একটি ল্যাপটপ বিক্রি করতে তাঁদের কাছে যান। গোলাম মোস্তাফা মাদকাসক্ত ছিলেন। মাদক কেনার টাকা জোগাড় করতেই তিনি ওই দম্পতিকে ল্যাপটপ কেনার জন্য চাপ দেন। তাঁরা ল্যাপটপ কিনতে রাজি না হলে তিনি ৪০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে কথা-কাটাকাটির একপর্যায়ে গোলাম মোস্তাফা এই দম্পতিকে হত্যা করেন।
এ ঘটনায় নিহত দম্পতির ছেলে হাসিবুল হক বাদী হয়ে গোলাম মোস্তাফাকে একমাত্র আসামি করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

Comments are closed.